ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশের মানবাধিকার নিয়ে ইউরোপিয়ান পার্লামেন্টে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স বিএনপির আয়োজনে ও ফ্রান্সের কট্টরপন্থী নেতা ব্রুনো গলনিশের সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার এই সেমিনার হয়।
সেমিনারে বক্তারা আওয়ামী লীগ সরকারের ভোটারবিহীন নির্বাচন এবং পরে বিরোধীদলকে দমন-পীড়নের রাজনীতির কথা উল্লেখ করেন। বিএনপি বক্তারা বলেন, আওয়ামী লীগ জার্মানের নাৎসি পার্টিকেও হার মানিয়েছে।
সেমিনারে বিএনপির পক্ষে প্রধান বক্তা ছিলেন- বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ। আরো ছিলেন- দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান, আইনজীবী ড. জেবা খানসহ কেন্দ্রীয় ও ইউরোপ বিএনপির নেতারা।
অন্যদিকে এই সেমিনার বিরুদ্ধে ইউরোপিয়ান আওয়ামী লীগ পার্লামেন্টের সামনে বিক্ষোভ করে। গোটা ৩০ নেতাকর্মীকে কিছু সময় বিক্ষোভ করেছে বলে জানা যায়।
এসময় বক্তারা বলেন, জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা অনেক মেধা ও পরিশ্রম করে এই দেশকে সোনার বাংলা নির্মাণের মহাসড়কে ধাবিত করছেন। বিএনপি গংদের এহেন মিথ্যাচার ও লবিস্ট নিয়োগে ইউরোপ পার্লামেন্টের সেমিনার কোন প্রভাব ফেলবে না। আপনারা জানেন, এই সব লবিস্ট নিয়োগ করে যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর বন্ধ করা যায়নি। আমরা এই ব্রুনো গলনিশকে ই-মেইল-টেলিফোন করে কোন সদুত্তর পাইনি।
বক্তারা আরো বলেন, তারেক জিয়া দেশের বাইরে চিকিৎসার নামে এসে আবারো বিএনপি ও তাদের এখানকার দোসর ও এজেন্টদের মাধ্যমে দেশ থেকে লুট করা হাজার হাজার কোটি টাকা দিয়ে ব্রুনো সাহেবদের নিয়ে বাংলাদেশের মানবাধিকার নিয়ে সেমিনার করার দুঃসাহস দেখাচ্ছে।
বক্তারা প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীদের এইসব দেশদ্রোহীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
এই বিক্ষোভ সমাবেশে মুঠোফোনে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ সভাপতি শ্রী অনিল দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক এম এ গনি প্রমুখ।























































