ট্রাকের ধাক্কায় নাটোরের সিংড়ায় দুই আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টায় সিংড়া উপজেলার চৌগ্রাম জোড়াসেতু এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ওই দুই নেতা মোটরসাইকেলে করে সিংড়ার চামারী থেকে বগুড়ার নন্দীগ্রাম যাচ্ছিলেন।
দুর্ঘটনায় নিহত নেতারা হচ্ছেন সিংড়ার চামারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন ওরফে বকুল (৪০)। তিনি চামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও চামারী গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে। অপরজন একই ইউনিয়নের বিলদহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মধু মিয়া (৩৫)। তিনি বিলদহর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।
সিংড়া থানা সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে নয়টার দিকে সাখাওয়াত হোসেন জরুরি কাজে মধু মিয়াকে নিয়ে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি নন্দীগ্রামে যাচ্ছিলেন। চৌগ্রাম জোড়াসেতু এলাকায় তাঁরা একটি ট্রাককে অতিক্রম করার সময় ট্রাকটি পেছন থেকে তাঁদের ধাক্কা দেয়। মুহূর্তেই তাঁরা ট্রাকের নিচে পড়ে পিষ্ট হয়ে যান। পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসক মুরাদ হোসেন জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তাঁদের মৃত্যু হয়েছে।
খবর পেয়ে স্থানীয় সাংসদ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ নেতা-কর্মীরা হাসপাতালে ছুটে আসেন।
সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) আকতার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তিদের লাশ আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে।























































