ডেস্ক রিপোর্টঃ
ইচ্ছা অনুযায়ী আওয়ামী লীগের প্রবীণ নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে চন্দন কাঠের চিতায় দাহ করার চেষ্টা করছেন স্বজনা। তবে এই কাঠ অপ্রতুল হওয়ায় তা সংগ্রহের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সুরঞ্জিতের খালাতো ভাই জয়ন্ত সেন।
জয়ন্ত বলেন,‘তার (সুরঞ্জিত) শেষ ইচ্ছা ছিল চন্দন কাঠ দিয়ে যেন তাকে দাহ করা হয়। এখন তো এ কাঠ খুব একটা পাওয়া যায় না। তবে সংগ্রহের চেষ্টা চলছে।’
আগামীকাল সোমবার সকাল ১১টায় সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ নিজ জেলা সুনামগঞ্জে নিয়ে যাওয়া হবে। এ দিন দুপুর ১টায় তাঁর নির্বাচনী এলাকা শাল্লা এবং বিকাল ৩টায় দিরাই উপজেলায় সাধারণ মানুষ তাদের নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। দিরাইয়ে তাঁর শেষকৃত্য হবে।
রক্তে হিমোগ্লোবিন স্বল্পতাজনিত অসুস্থতা ও শ্বাসকষ্টে ভুগছিলেন সুরঞ্জিত। শুক্রবার অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাব এইডে ভর্তি করা হয়। সন্ধ্যার পর অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে নেয়া হয়। পরে অবস্থার আরো অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট রাখা হয়েছিল।
পরে রবিবার ভোররাত চারটা ১০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক সুরঞ্জিতকে মৃত ঘোষণা করেন।
সকালে হাসপাতাল থেকে সুরঞ্জিতের মরদেহ নেয়া জয় জিগাতলায় তার বাসভবনে। সেখানেই সুরঞ্জিতের এই ইচ্ছার কথা জানা যায়।
সুরঞ্জিতের খালাতো ভাই জয়ন্ত বলেন, তিনি (সুরঞ্জিত) মৃত্যুর আগে বলে গেছেন, যেন তাঁকে চন্দন কাঠ দিয়ে দাহ করা হয়। সে অনুযায়ী, চন্দন কাঠ খোঁজা হচ্ছে।
চন্দন একটি সুগন্ধী কাঠ। ভারত, দক্ষিণ এশিয়া, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে এই কাঠ বেশি মাত্রায় পাওয়া যায়। সৌন্দর্ চর্চায় নারীদের মধ্যে এই কাঠ ব্যবহারের চল আছে। সেই সঙ্গে এর ঔষধি গুণের কথাও সমাদৃত। ধর্মীয় আনুষ্ঠানিকতা, বিশেষ করে দাহ করার ক্ষেত্রে চন্দন কাঠ স্বল্পমাত্রায় হলেও ব্যবহারের চেষ্টা করেন সনাতন ধর্মাবলম্বীরা।























































