শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


১২ কার্যদিবস পর ক্লাসে ফিরছেন কুবি শিক্ষকরা, এক শিক্ষার্থী সাময়িক বহিষ্কার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০২.২০১৭


তানভীর সাবিক,কুবিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির লাগাতার ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচিতে টানা ১২ কার্যদিবসের পর আগামী মঙ্গলবার থেকে ক্লাস ও পরীক্ষায় ফিরে যাচ্ছেন শিক্ষকরা।

এদিকে ক্লাস-পরীক্ষার দাবিসহ ১১ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী বায়েজিদ ইসলাম গল্পর হাতে শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় বায়েজিদকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সাথে ইংরেজী বিভাগের শিক্ষক এম. এম. শরীফুল করিমকে বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে।

রবিবার (৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই সব তথ্য জানা যায়।

গত ২৬ জানুয়ারি ক্লাস-পরীক্ষা চালুর দাবিসহ ১১ দফা দাবিতে আন্দোলনরত ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী বায়েজিদ ইসলাম (গল্প) লোক প্রশাসন বিভাগের শিক্ষক নাহিদুল ইসলামকে তার স্ত্রীর সামনে লাঞ্ছিত করে। এই ঘটনায় ওই শিক্ষক বিচারের দাবিতে উপাচার্যকে লিখিত আবেদন করেন। পরে শিক্ষক সমিতির দাবিতে যুক্ত হয় বায়েজিদের বহিস্কার। প্রক্টরিয়াল বডির প্রাথমিক তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে রবিবার বায়েজিদ ইসলাম গল্পকে সাময়িক বহিস্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে গেল বছরের ১৬ ডিসেম্বর সন্ধ্যাকালীন বাণিজ্যিক কোর্সের (ইএমএ) প্রশ্ন মডারেশনকে কেন্দ্র করে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান এম. এম. শরীফুল করীমের হাতে একই বিভাগের শিক্ষক আবুল হায়াত লাঞ্ছিত হন। ১৮ ডিসেম্বর আবুল হায়াত উপাচার্য বরাবর লিখিত অভিযোগ করেন। সেই সাথে নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে ২১ ডিসেম্বর কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি করেণ আবুল হায়ত।
রবিবার সন্ধ্যায় শিক্ষক সমিতির কার্যনির্বাহী সভা শেষে সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘মঙ্গলবার থেকে ক্লাস ও পরীক্ষায় ফিরে যাওয়ার জন্য শিক্ষক সমিতি সিদ্ধান্ত নিয়েছে।’
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: মজিবুর রহমান মজুমদার বলেন, ‘শিক্ষকদের দাবির প্রেক্ষিতে লাঞ্ছনায় অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এম. এম. শরীফুল করীমকে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে। তবে শিক্ষকের বাসায় হামলার বিষয়ে ঐ শিক্ষক ক্যাম্পাসে না থাকায় রবিবার প্রশাসনের পক্ষ থেকে মামলা করা যায়নি। খালিদ সাইফুল্লাহ হত্যাকান্ডের বিষয়টিকে আগামী সিন্ডিকেটের এজেন্ডা করা হয়েছে।’
উল্লেখ্য, ৬ দফা দাবিতে গত ২২ জানুয়ারি থেকে লাগাতার ক্লাস ও পরীক্ষা বর্জন করে আসছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শিক্ষকদের আন্দোলনের ফলে ১৯ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ১৯টি বিভাগে একটিও ক্লাস অনুষ্ঠিত হয়নি। ২২ জানুয়ারি থেকে অন্তত ৩৩টি চূড়ান্ত পরীক্ষা স্থগিত হয়েছে বলে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়। ১৭ জানুয়ারি গভীর রাতে দুই শিক্ষকের বাসায় পরিকল্পিত হামলার দ্রুত রহস্য উদঘাটন করে দোষীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনা, শিক্ষক লাঞ্ছনায় অভিযুক্ত ডিন এম. এম. শরীফুল করীমকে তদন্ত চলাকালীন সময়ে সকল পদ থেকে অব্যাহতি দেওয়া, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনকে সকল প্রশাসনিক পদ থেকে অব্যাহতি, ১ আগস্ট ঘটে যাওয়া খালিদ সাইফুল্লাহ হত্যাকান্ডের বিচারসহ ছয় দফা দাবিতে আন্দোলন করেছেন শিক্ষকরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি