শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সুনামগঞ্জে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে শ্রদ্ধা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন সুনামগঞ্জের সর্বস্তরের মানুষ। আজ সোমবার বেলা একটায় সিলেট থেকে তাঁর মরদেহবাহী হেলিকপ্টার সুনামগঞ্জ পুলিশ লাইন মাঠে এসে পৌঁছায়। সেখান থেকে মরদেহ নেওয়া হয় পৌর শহরের শহীদ স্মৃতিসৌধে।

স্মৃতিসৌধে প্রথমেই সুরঞ্জিত সেনগুপ্তকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়। এরপর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি, জাসদ, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও মিসবাহউদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক মো. এনামুল কবির ইমন ও সুরঞ্জিত সেনগুপ্তের ছেলে সৌমেন সেনগুপ্ত।

সৌমেন সেনগুপ্ত তাঁর বাবার জন্য সবার কাছে দোয়া চান। তিনি বলেন, ‘বাবা জীবনভর মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করে গেছেন। আমি মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করব।’

এরপর হেলিকপ্টারে করে মরদেহ তাঁর নির্বাচনী এলাকার শাল্লা উপজেলায় নেওয়া হবে। শাল্লায় শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নিয়ে আসা হবে দিরাই উপজেলার দিরাই পৌর শহরের থানা রোডে সুরঞ্জিত সেনগুপ্তের নিজ বাড়িতে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে জন্মভিটায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। সুরঞ্জিত সেনগুপ্তকে শেষবিদায় জানাতে সেখানে হাজারো মানুষ জড়ো হয়েছেন।

গতকাল রোববার ভোররাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুরঞ্জিত সেনগুপ্ত মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

পারিবারিক সূত্র জানায়, গত বৃহস্পতিবার থেকে অসুস্থ বোধ করছিলেন সুরঞ্জিত। গত শুক্রবার সকালে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। গতকাল ভোররাত ৪টা ২৪ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন দলের নেতা-কর্মীরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি