শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৩ বছরে রাজনৈতিক দ্বন্দ্বে ৪৮০ খুন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০২.২০১৭

বিশেষ প্রতিবেদনঃ

জনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব ও বিভিন্ন সহিংসতায় গত তিন বছরে খুন হয়েছেন ৪৮০ জন। এরমধ্যে অনেক সাধারণ মানুষও রয়েছেন। হতাহতের তালিকায় আছে অনেক সাংবাদিকের নাম। মানবাধিকার সংগঠনগুলোর দেওয়া তথ্যমতে ২০১৫ সালে রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারায় ১৫৩ জন। ২০১৬ সালে এর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৭৭ জনে। এরআগে ২০১৪ সালে তা ছিল ১৪৭ জন। এছাড়া চলতি বছরের ১৭ জানুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলায় জলমহাল দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও যুবলীগের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত ও ২২ জন আহত হয়েছেন। সর্বশেষ গত বৃহস্পতিবার সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল মারা যান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. জিয়া রহমানের মতে, অল্পদিনে কোটিপতি হওয়ার লোভে রাজনৈতিক বিরোধে খুনাখুনির ঘটনা বাড়ছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে খুনাখুনির ঘটনা বিশ্লেষণ করে দেখা গেছে, আধিপত্য বিস্তার, জমি দখল, দরপত্র নিয়ে বিরোধ ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে বেশিরভাগ খুনের ঘটনা ঘটেছে। রাজনৈতিক পদ-পদবি কাজে লাগিয়ে নেতারা অবৈধ অর্থ উপার্জন করে থাকেন। এছাড়া আসামি গ্রেফতার ও বিচার সম্পন্ন না হওয়ায় খুনাখুনির ঘটনা বাড়ছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে অবশ্যই প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে।

মানবাধিকার সংগঠন আসকের দেওয়া তথ্য মতে, ২০১৬ সালে ৯০৭টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত হয়েছেন ১৭৭ জন। এসব ঘটনায় আহত হয়েছেন ১১ হাজার ৪৬২ জন। ওই বছর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংঘর্ষে মারা গেছেন সর্বোচ্চ ১৪৩ জন মানুষ। সংঘর্ষে আওয়ামী লীগের নিহত হয়েছেন ৮৩ জন ও বিএনপির আটজন। ২০১৫ সালে ৮৬৫টি সংঘর্ষের ঘটনায় নিহত হন ১৫৩ জন এবং আহত হয়েছিলেন ৬ হাজার ৩১৮ জন। এরআগে ২০১৪ সালে রাজনৈতিক সহিংসতায় নিহতের সংখ্যা ছিল ১৪৭ জন।

জানা গেছে, গত বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা যান। এ খবর শুনে তার নানী রোকেয়া বেগমও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। সিরাজগঞ্জের শাহজাদপুরের পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা হালিমুল হক মিরু এই হত্যাকাণ্ডের নায়ক বলে পুলিশের দাবি। এছাড়া বৃহস্পতিবার মধ্যরাতে পাবনার ঈশ্বরদীতে সংঘর্ষে যুবলীগ ও ছাত্রলীগের দুই কর্মী গুলিবিদ্ধ এবং আরও দুজন ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। এর আগের দিন বুধবার রাতে খুন হন নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষ রায়। তার স্ত্রী টুটুল রানীর অভিযোগ, গেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর বিরোধের জেরে তার স্বামীকে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে শেরপুর জেলা আওয়ামী লীগের কার্য-নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ গোলাম হাসান খানকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। ১৭ জানুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলায় একটি জলমহালের দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও যুবলীগের রক্তক্ষয়ী সংঘর্ষে তিনজন নিহত ও ২২ জন আহত হন। চলতি বছরের প্রথম দিনই খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এ মাহমুদকে লক্ষ্য করে গুলি করে তার প্রতিপক্ষ। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে নিহত হন পথচারী এক নারী।

এর আগে ১২ নভেম্বর নরসিংদীর রায়পুরা উপজেলার নীলক্ষা চরাঞ্চলে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষে চারজন নিহত এবং পুলিশসহ অর্ধশতাধিক আহত হন। নভেম্বরে ময়মনসিংহের ত্রিশালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও যুবলীগের সংঘর্ষে সাইফুল মোল্লা নামে এক ব্যক্তি নিহত হন। ১৪ নভেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে তারা মিয়া নামে সৈনিক লীগের এক নেতা নিহত হয়েছেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়িঘরে হামলা ও প্রতিমা ভাংচুরের ঘটনায় দুই প্রভাবশালী রাজনৈতিক নেতার অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণ বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশি কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক নূর খান লিটন বলেন, পেশি শক্তি ও অর্থের প্রভাবে নেতার সৃষ্টি হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের অভাব রয়েছে। আধিপত্য বিস্তার ও বিভিন্ন ধরনের সুবিধা পেতে তারা রাজনৈতিক সংঘর্ষে জড়িয়ে পড়ছে। বিরোধী দলগুলো দুর্বল হয়ে পড়ায় সরকারি দল এবং তার অঙ্গ সংগঠন প্রভাব বিস্তার করতে অভ্যন্তরীণ দ্বন্দ্ব-সংঘাতে জড়িয়ে পড়ছে। রাজনৈতিক ও ক্ষমতার প্রভাব থাকায় সহিংসতায় হতাহতের ঘটনায় দায়ের হওয়া মামলার বিচার হচ্ছে না।

রাজনৈতিক নেতাদের মতে, সাংগঠনিক কারণে হানাহানির সংখ্যা খুব কম। মূলত চাঁদাবাজি, টেন্ডারবাজি ও পেশিশক্তির অপব্যবহার বাড়ছে। চোখের সামনে অস্ত্র উঁচিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়লেও আইন-শৃঙ্খলা বাহিনী নির্বাক। রাজনৈতিক খুন ও সহিংসতার বিচার হবে না এটা ধরেই নেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে অপরাধের জবাব অপরাধ দিয়েই দেওয়া হচ্ছে। এসব ঘটনায় কিছু মামলা হলেও বেশিরভাগ ক্ষেত্রে তদন্ত থমকে আছে। চিহ্নিত অস্ত্রবাজদের গ্রেফতার করতে পারছে না আইন-শৃঙ্খলা বাহিনী। একটি ঘটনায় অপরাধীরা পার পেয়ে যাওয়ায় তারা আরেকটি ঘটনা ঘটাচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি