শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সাংবাদিক শিমুল হত্যা : মেয়র মিরুর গাড়িচালক গ্রেপ্তার


সাংবাদিক শিমুল হত্যা : মেয়র মিরুর গাড়িচালক গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল নিহতের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় পৌর শহর থেকে গ্রেপ্তার শাহিন আলম (২৮) ওই হত্যা মামলায় গ্রেপ্তার পৌর মেয়র হালিমুল হক মিরুর গাড়ি চালক। গ্রেপ্তার শাহিনের বাড়ি শাহজাদপুরের নলুয়া গ্রামে। শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, সংবাদিক শিমুল হত্যার মামলায় গাড়িচালক শাহিন সন্দেহভাজন আসামি। এর আগে রবিবার রাতে পৌনে ১০টার দিকে রাজধানীর শ্যামলী থেকে গ্রেপ্তার করা হয় মামলার প্রধান আসামি পৌর মেয়র হালিমুল হক মিরু। গত বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুরে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র হালিমুল হক মিরুর ছোট ভাই হাফিজুল হক শহরের কালীবাড়ি মোড়ে শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মারধর করেন। এই খবর ছড়িয়ে পড়লে বিজয়ের সমর্থক কলেজছাত্র ও মহল্লার লোকজন একযোগে বেলা ৩টার দিকে মেয়রের বাসায় হামলা চালান। এ সময় মেয়র হালিমুল হক মিরু তার শটগান থেকে গুলি ছোড়েন।

এই ঘটনায় সংবাদ সংগ্রহ করতে সেখানে ছিলেন সাংবাদিক শিমুল এবং তিনি তখন গুলিবিদ্ধ হন। একাধিক গুলি তার মাথা ও মুখে লাগে। প্রথমে তাকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শুক্রবার দুপুরে বগুড়া থেকে ঢাকায় আনার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহত সাংবাদিকের স্ত্রী নুরুন নাহার বেগম শুক্রবার শাহজাদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে মেয়র হালিমুল হক, তার দুই ভাইসহ ১২ জনের নাম উল্লেখ করে ১৫ জনকে আসামি করা হয়।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি