পবিত্র কোরআন ছুঁয়ে ঝগড়া না করার শপথ করেছে আধিপত্য নিয়ে বিবদমান আওয়ামী লীগের দুই পক্ষ। মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে দুই পক্ষের ১৬ সদস্য আপসের এই শপথ করেন। একই সঙ্গে বছরজুড়ে দফায় দফায় দুই পক্ষে সংঘর্ষে গুণতে হবে জরিমানার ৫৬ লাখ টাকা।
ভৈরবের পৌর মেয়র ও বীরমুক্তিযোদ্ধা অ্যাড. ফখরুল আলম আক্কাছের নেতৃত্বে এই শালিস বৈঠকে ২৫ সদস্যের জুরিবোর্ড মীমাংসার এই রায় দেন।
এ সময় উভয় পক্ষের চিহ্ণিত ৪০ জনকে জুতাপেটা করেন নিজ নিজ পক্ষের মুরুব্বিরা। পরে উভয়পক্ষের নেতৃস্থানীয় লোকজন একটি আপসনামায়ও স্বাক্ষর করেন। ওই আপসনামায় আগামী ২০ দিনের মধ্যে উভয়পক্ষ ধার্য্যকৃত জরিমানার টাকা শালিস বৈঠকের সভাপতি ও পৌর মেয়র অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছের কাছে জমা দেবে। একই সঙ্গে প্রতিপক্ষের বিরুদ্ধে করা মামলাগুলো নিজ খরচে তুলে নেবে। এ প্রক্রিয়া সমাধানে একপক্ষ অন্যপক্ষকে সহায়তা করবে বলেও চক্তিবদ্ধ হয় উভয়পক্ষ।
এসব সিদ্ধান্তের কোনো ব্যত্যয় ঘটলে তাদের বিরুদ্ধে কঠোর সামাজিক ও আইনিব্যবস্থা নেয়া হবে বলে জানান পৌর মেয়র।
প্রসঙ্গত, ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর এলাকার দুই আওয়ামী লীগ নেতা হাজী জয়নাল আবেদীন ও পল্লীচিকিৎসক হুমায়ুন মিয়া গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গত এক বছরে কয়েক দফা সংঘর্ষ হয়। এতে প্রবাসী রায়হান নামে এক যুবক নিহত হওয়াসহ কয়েকশ লোক আহত হয়। ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। একপক্ষ অন্যপক্ষের চারটি গরু জবাই করে খেয়ে ফেলে। উভয়পক্ষের যুদ্ধংদেহী মানসিকতায় পুরো এলাকা পরিণত হয় আতঙ্কপুরীতে।























































