মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কোহলিকে আটকানোর মাশরাফি নতুন কৌশল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০২.২০১৭

 

পূর্বাশা ডেস্ক:ভিরাট কোহলি- বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান। ব্যাট হাতে কারিকুরি দেখানোকে নিয়ে গেছে শিল্পের পর্যায়ে। অনেকে তার মাঝে খুঁজে পান টেন্ডুলকারের ছায়া। সেই ভিরাট কোহলি আসন্ন ভারত টেস্টে বাংলাদেশের মূল প্রতিপক্ষ, তাও আবার দলনেতা। তাকে নিয়ে তাই মাথাব্যথা কম নেই মুশফিকুর রহিমের দলের।

তবে দলের সাথে থাকতে না পারলেও কোহলিকে আটকানোর কৌশল বাতলে দিয়ে দলকে কিছুটা চাপমুক্ত করেছেন সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সম্প্রতি দেশের শীর্ষ একটি পত্রিকা কে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ অধিনায়ক তুলে ধরেন কোহলিকে আটকানোর মন্ত্র।

অতীতে অফস্টাম্পের বলে কোহলির দুর্বলতা থাকলেও এখন তা কাটিয়ে উঠেছেন বলে মনে হচ্ছে মাশরাফির। তাই পুরনো ‘কাসুন্দিতে’ খুব একটা ‘স্বাদ’ হবে না বলেই ধরে নিচ্ছেন নড়াইল এক্সপ্রেস, ‘ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া কোহলির অফস্টাম্পকে টার্গেট করেছিল। আমরাও সেটা করেছিলাম। টি-টোয়েন্টিতে অফস্টাম্পে বল রেখে ওর উইকেট নিয়েছিলাম আমি।

কিন্তু সেই কোহলিই ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে অফস্টাম্প লাইনের বল দারুণ খেলেছে। তার মানে ওই দুর্বলতা সে কাটিয়ে উঠেছে। এ কারণেই কোহলিকে আউট করা কঠিন। তবে অসম্ভব নয়। আমি হলে অফস্টাম্পই টার্গেট করতাম। নয়ত বাউন্সার মারতাম কোহলিকে।’

বাউন্সারের মাধ্যমে কোহলিকে কাবু করার সম্ভব জানিয়ে এসময় মাশরাফি আরও বলেন, বাউন্সার খেলিয়ে ওর উইকেট আদায় করা সম্ভব। তবে বাউন্সারটা বাউন্সারের মতো হতে হবে। মোট কথা কার্যকর বোলিং করতে হবে। ৬-৭ ওভারের গড়পড়তা বোলিং দরকার নেই, ৩-৪ ওভারের স্পেলটা যেন কার্যকর হয়—পেসারদের প্রতি এটাই আমার পরামর্শ।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি