সিম ক্লোন না করেও মোবাইল ফোনে প্রতারণার নতুন কৌশল বের করেছে একটি চক্র। স্পুফিং নামের এ পদ্ধতিতে কম্পিউটার ও ফোনের আইডি গোপন করে পরিচিত কারো নামে চলছে প্রতারণা। আর এ সংকট কাটিয়ে উঠতে মোবাইল নম্বর পোর্টেবিলিটি প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিচ্ছে বিটিআরসি।
মোবাইল ফোনের নম্বর ক্লোনিং নিয়ে জানাশোনা থাকলেও নম্বর স্পুফিংয়ের ব্যাপারটি সবার জন্যই নতুন। তবে কৌশলটি প্রায় ক্লোনিংয়ের মতোই।
এ নিয়ে প্রথম ধারণা মেলে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদের নম্বর স্পুফিংয়ের ঘটনায়।
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ বলেন, ‘একজন ফোন করে বলে স্যার আপনার ফোন নাম্বার থেকে আমি একটি কল পেয়েছি কিন্তু আমি বুঝতে পেরেছি এই কন্ঠটা আপনার না। আর্থিক লেনদেনের বিষয়ে কিছু তথ্য তাদের মধ্যে আদান-প্রদান হয়েছে’।
পরে অধিদপ্তরের অভিযোগে প্রতারক চক্রের নয় সদস্যকে আটক করে র্যাব। তাদের মুখ থেকেই জানা যায় স্পুফিংয়ের নাম।
যুক্তরাষ্ট্রে কাউকে চমকে দিতে ব্যবহার হতো যে স্পুফিং প্রক্রিয়া তা দিয়ে বাংলাদেশে পাতা হচ্ছে প্রতারণার ফাঁদ।
স্পুফিং করতে প্রথমে বিদেশি প্রভাইডারের কাছ থেকে সার্ভার ও আই-টেল মোবাইল ডায়েলার অ্যাপ কিনে নেয় প্রতারকেরা। বাড়তি টাকা দিয়ে আই-টেলের নাম বদলে রাখে ‘ইয়েস কার্ড’। অ্যাপটি ইনস্টল করে মোবাইল ও কম্পিউটারে। অ্যাপটি নিয়ন্ত্রণ হয় কম্পিউটার থেকে। আর একে বলে বিলিং ম্যানেজার।
স্পুফিং করতে চাওয়ার নম্বরটির বিপরীতে ডলারে কিনে নেয় ইউজার আইডি ও পাসওয়ার্ড কথা বলতে মিনিট। পরে মোবাইলে ইনস্টল অ্যাপে আইডি-পাসওয়ার্ড দিয়ে স্পুফ করে প্রতারকরা। বিদেশি সার্ভার হয়ে বাংলাদেশের গেটওয়ে দিয়ে কাঙ্খিত ব্যক্তির কাছে চলে যায় ফোন।
র্যাব-৪ এর অধিনায়ক খন্দকার লুৎফুল কবির বলেন, ‘স্ফুফিংয়ে যেটা হয় সেটা হল এর মেইন সার্ভার থাকে আমেরিকাতে। ঐ সার্ভিস প্রোইডারের সার্ভার হয়ে এটা গেটওয়ে দিয়ে বাংলাদেশে প্রবেশ করে’।
এ সংকট কাটিয়ে উঠতে বিটিআরসিকে সব মোবাইল অপারেটরদের নিয়ে এগুলোর পরামর্শ প্রযুক্তিবিদের।
ডেভেলপমেন্ট ম্যানেজার মো. হাসানুর রহমান বলেন, ‘বিটিআরসি এবং বাকি যে টেলিকম সার্ভিসগুলো আছে তাদের সমন্বয় সাধনের মাধ্যমে এই সমস্যাটা মোকাবেলা করা সম্ভব হবে’।
বিটিআরসি জানাচ্ছে স্পুফিং বন্ধে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করে এমন সংগঠন ও অপারেট প্রতিনিধিদের নিয়ে গঠন হয়েছে কমিটি।
বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, ‘খুব শির্ঘই মোবাইল নাম্বার পোর্ট এবিলিটি সিস্টেম চালু করতে যাচ্ছি। এই সিস্টেম চালু হলে স্পুফিং পরিমান আরও কমে যাবে’।
পাশাপাশি পরিচিত কারো নামে সন্দেহজনক কল পেলে ফিরতি ফোনে নিশ্চিত হওয়ার পরামর্শও দিচ্ছে বিটিআরসি।

























































