শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নারীদের আরও প্রযুক্তি বান্ধব হওয়ার আহ্বান


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নারীদের আরও প্রযুক্তি বান্ধব হওয়ার আহ্বান জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে মেয়েদের শুধু অংক, ইংরেজি ও বিজ্ঞানে ভালো জানলে হলে হবে না। তাদেরকে প্রযুক্তিতে কম্পিউটার কোডিং এবং প্রোগ্রামিংও শিখতে হবে। সে লক্ষ্যে সারাদেশে একটি আইসিটি ইকোসিস্টেম তৈরি কাজ চলছে। প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে নারীদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী দুই বছরে দুই লাখ নারীকে প্রযুক্তি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ দেওয়ার টার্গেট নিয়েছি। একই সঙ্গে তথ্যপ্রযুক্তি খাতে নির্বাচিত উদ্ভাবনী কৌশল ও পণ্যের জন্য সরকার এক কোটি টাকা পর্যন্ত ‘সিড মানি’ দেওয়ার পরিকল্পনা নিয়েছে বলেও জানান তিনি।

শুক্রবার সকালে দেশে প্রথমবারের মতো শুরু হওয়া দুই দিনব্যাপী ‘ন্যাশনাল হ্যাকাথন ফর উইমেন-২০১৭’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৫০০ নারীর অংশগ্রহণে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই প্রতিযোগিতা শুরু হয়। সরকারের আইসিটি বিভাগ ও ‘উইমেন ইন ডিজিটাল বাংলাদেশ’ যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশের ইনোভেটিভ আইডিয়া ও প্রোডাক্ট বিশ্বের দরবারে হাজির করার লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে। ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমির কাজ শুরু করেছি। আমরা ২০২১ সাল নাগাদ এক হাজার ইনোভেটিভ আইডিয়া বা প্রোডাক্ট বাংলাদেশ থেকে বিশ্বকে উপহার দিতে চাই। তিনি বলেন, নির্বাচিত প্রতিটি প্রোডাক্টকে সিড মানি হিসেবে প্রথম চার মাসে এক কোটি টাকা পর্যন্ত দিতে পরিকল্পনা বা নীতিমালার খসড়া তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে নীতিমালাটি পাঠানোর পর অনুমোদন হলেই এ কার্যক্রম শুরু হবে।

প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে নারীদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়ে পলক বলেন, আগামী দুই বছরে দুই লাখ নারীকে প্রযুক্তি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ দেওয়ার টার্গেট নিয়েছি। ইতোমধ্যে সাতটি বাসের মাধ্যমে সারাদেশে টেকসই নারী উন্নয়নে আইসিটি এই সেøাগান সামনে নিয়ে বেসিক আইটি ট্রেনিং শুরু করেছি। এছাড়া লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের আওতায় দেশে ইতোমধ্যে ৫০ হাজার ফ্রিল্যান্সার তৈরি হয়েছে, যাদের মধ্যে ২০ হাজার নারী বলে প্রতিমন্ত্রী জানান।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মোস্তফা জব্বার বলেন, আমাদের মেয়েদের যে কোন কিছু অর্জন করে নেবার ক্ষমতা আছে। তারা খুব অল্পতেই কোনো বিষয় বুঝে নিতে পারে। এ জন্যে বাংলাদেশের সবচেয়ে যে বড় পরিবর্তন এসেছে তা হলো শিক্ষা ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ। তথ্য প্রযুক্তিতেও নারীরা তাদের সরব অংশগ্রহন নিশ্চিত করবে বলেই আমি মনে করি। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসিসের সাবেক সভাপতি শামীম আহসান, মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির ও আছিয়া খালেদা নীলা।

উল্লেখ্য, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের নিবন্ধিত ১৫০০ নারীর মধ্য থেকে ৩৬ ঘন্টার এই প্রতিযোগিতার জন্য ৫০০ নারীকে বেঁছে নেওয়া হয়। তারা দুই দিনে নয়টি আলাদা বিষয়ে উদ্ভাবন ও সক্ষমতার পরীক্ষা দেবেন। আয়োজকরা জানান, ৯ খাতের বিজয়ীদের জন্য মোট ২৭ টি পুরষ্কারের ব্যবস্থা রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি