মো ঃ বেলাল হোসাইন:
রেলপথ মন্ত্রী মুক্তিযোদ্ধা মুজিবুল হক বলেন, এখন কেউ আর ইচ্ছে করলেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ নেই। কারণ কোন জাতির ইতিহাসে মুক্তিযুদ্ধ বার বার হয় না। যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। বাঙ্গালী জাতির ইতিহাস যতদিন থাকবে ততদিনই তারা স্মরণীয় এবং বরণীয় হয়ে থাকবেন। আ’লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে। তাই আ’লীগই মুক্তিযোদ্ধাদের সম্মানীত করার এবং কল্যাণে সকল পদক্ষেপ গ্রহণ করেছে। স্বাধীনতার পরবর্তী সময়ে ক্ষমতায় আসা আর কোন দলই মুক্তিযোদ্ধাদের নিয়ে ভাবেনি। যারা মুক্তিযোদ্ধাদের সম্মান করেনি তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট সকলের উচিত নেতৃত্বদানকারী এ সংগঠনকে ক্ষমতায় ধরে রাখা। তাহলে জাতির সম্মান এবং সমৃব্ধি অর্জন হবে।
গত শনিবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা যাছাই-বাছাই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান, সাধারণ সম্পাদক সামসুদ্দিন আহম্মেদ চৌধুরী সেলিম, মুক্তিযোদ্ধা বাহার রেজা বীর প্রতীক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাসেম, মুক্তিযোদ্ধা ড. আরিফুর রহমান, নন্দন চৌধুরী, আবু তাহের, জেলা আ’লীগ নেতা আলী হোসেন চেয়ারম্যান, পৌর মেয়র মিজানুর রহমান, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ফারুক আহম্মেদ মিয়াজী, আ’লীগ নেতা জিএম মীর হোসেন মীরু, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, জাহিদ হোসেন টিপু, শাহজালাল মজুমদার, মাহবুব হোসেন মজুমদার,একরামুল হক, সৈয়দ আহম্মদ খোকন, মোশারেফ হোসেন, জানে আলম, জাফর ইকবাল, কাজী জাফর প্রমুখ।
রেলমন্ত্রী মুজিবুল হক আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সম্মানী বৃদ্ধি করেছেন, তাদের থাকার জন্য বাসস্থানের ব্যবস্থা করেছেন। চাকুরীরসহ বিভিন্ন ক্ষেত্রে সন্তানদের পাশাপাশি নাতি-নাতনিদেরও কোটার সুবিধার আওতায় এনেছেন।

















































