মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » দূর্ভাগ্যবশত আমাদের দলে কোন বিরাট কোহলি নেই: মুশফিক


দূর্ভাগ্যবশত আমাদের দলে কোন বিরাট কোহলি নেই: মুশফিক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০২.২০১৭

পুর্বাশা ডেস্ক:উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ ভাল- হায়দরাবাদ টেস্টে দুই দলের প্রায় সব ক্রিকেটারই এমন বলেছেন। ভারতের প্রথম ইনিংসও সেটাই বলে। বিরাট কোহলির ডাবল সেঞ্চুরি এবং মুরালি বিজয় ও ঋদ্ধিমান সাহার সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৬৮৭ রানের বিশাল সংগ্রহ গড়ে ভারত।

এতে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসেই ২৯৯ রানের লিড পায় ভারত। যা ভারতের পাওয়া ২০৮ রানের জয়ের পথে বড় ভূমিকাই রেখেছে। ম্যাচের পর ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, এই উইকেটে বেসিক ক্রিকেট খেললেই রান করা সম্ভব ছিল।

সংবাদ সম্মেলনে মুশফিককে জানানো হল বিরাট কোহলির এমন মন্তব্যের কথা। তবে বাংলাদেশ অধিনায়ক বলছেন, ‘বিরাট কোহলির মতো যদি বেসিক সবার হতো তাহলে ৫০ গড়ে রান থাকতো। তাহলে আর এতজন ব্যাটসম্যান লাগত না। ৭ উইকেটও লাগত না। চারজন ব্যাটসম্যান নিয়েই ম্যাচ ড্র করা যেত। দূর্ভাগ্যবশত আমাদের দলে কোন বিরাট কোহলি নেই।’

মুশফিকের কাছে উইকেটটা ভিন্নই মনে হয়েছে, ‘অন্য সময়ের চেয়ে ভারতের এই উইকেট অনেক ভিন্ন। সাকিব কিন্তু একটা শটও বাজে খেলেনি। তারপরও সাকিব আউট হয়ে গেছে। এখানে সবাই বেসিক ক্রিকেটাই খেলার চেষ্টা করেছে। রিয়াদ ভাই যেভাবে আউট হয়েছে, সেটাতে তার দোষ দেওয়া যায় না। সাব্বির লাইন মিস করেছে।’

তবে নিজেদের ভুল মেনে নিলেন মুশফিক, ‘এই কন্ডিশনে আমরা আরও বেশিক্ষণ খেলার সুযোগ তৈরি করতে পারতাম। সেটা আমরা পারিনি। এই জায়গাতেই আমাদের কাজ করা দরকার। সেক্ষেত্রে এমন কন্ডিশনে আরও ২-৩টি ম্যাচ খেলা গেলে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া যেত। সামনে এমন ‍সুযোগ থাকলে আমি চেষ্টা করব আমার বেসিকটা যেন আরও শক্ত থাকে। যেন বেসিক দিয়ে টেস্ট ড্র করতে পারি।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি