ইমতিয়াজ আহমেদ জিতুঃ
প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম পরিবর্তন করে ময়নামতি বিভাগ করার প্রস্তাবের প্রতিবাদে ক্ষোভে ফুঁসে উঠছে কুমিল্লাবাসী। মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ এবং সামাজিক গণমাধ্যম ফেসবুকে ক্ষোভে ফেটে পড়েছে কুমিল্লাসহ জেলার বিভিন্ন জেলায় অবস্থানরত কুমিল্লার সাধারণ জনগণ।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) বিকেলে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল ঢাকায় এনইসি সম্মেলন কক্ষে সভা শেষে ‘প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম পরিবর্তন করে ময়নামতি বিভাগ করা হবে’ সাংবাদিকদের এ তথ্য জানানোর পর ক্ষোভে ফেটে পড়ে কুমিল্লাবাসী। এ প্রস্তাবের প্রতিবাদে বিকেলে নগরীর কান্দিরপাড়ে টাউন হল গেটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি করে পালন করে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আরফানুল হক রিফাত, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রতন, আওয়ামীলীগ নেতা এড, জহিরুল হক সেলিম, আবিদুর রহমান জাহাঙ্গীর, কুমিল্লা প্রেসক্লাবের আহ্বায়ক মাসুক আলতাফ আলতাফ চৌধুরী, আহ্বায়ক কমিটির সদস্য কাজী এনামুল হক ফারুক, প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম, হুমায়ুন কবীর রণি, কুমিল্লা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি সাইয়িদ মাহমুদ পারভেজসহ আরো অনেকে।
প্রতিবাদ সমাবেশে বক্তারা প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম পরিবর্তন না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত কুমিল্লা বিভাগ নামেই রাখতে হবে। তা না হলে কুমিল্লাবাসী সর্বস্তরের জনগনকে নিয়ে দুর্বার আন্দোলন গতে তুলবে। বক্তারা আরো বলেন ময়নামতি নাম করার প্রস্তাবে কুমিল্লা তার স্বকীয়তা হারাবে এবং হাজার বছরের ইতিহাস ঐতিহ্য ম্লান হয়ে যাবে।
এদিকে বিকেল থেকে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে কুমিল্লার নামে বিভাগ করার দাবিতে লক্ষ লক্ষ স্ট্যাটাস দিচ্ছেন ফেসবুক অনুসারীরা।
কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক ও বাংলাদেশ কৃষকলীগের সহ -সভাপতি আলহাজ্ব মোঃ ওমর ফারুক তার ফেসবুকে লিখেছেন, কুমিল্লা বিভাগের নাম, কুমিল্লা বিভাগ হতে হবে। অন্য কোনো নাম আমরা কুমিল্লাবাসি গ্রহন করবোনা এবং বরদাস্ত করবনা। এ ব্যাপারে কুচক্রি ও ষড়যন্ত্রকারিদের বিরুদ্ধে সমস্ত কুমিল্লাবাসীকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াবার জন্য আহবান জানাচ্ছি। কুমিল্লার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদেরকে চিহ্ণিত করুন, ঘৃনা করুণ এবং প্রতিহত করুণ।
সাংবাদিক সাইয়িদ মাহমুদ পারভেজ তার ফেসবুকে লিখেছেন, জেলার নামে যদি কোন বিভাগ না হয় তাহলে আগে পুরনো বিভাগগুলোর নাম পরিবর্তন করে আগে নতুন নাম দিন। পরে কুমিল্লার নাম পরিবর্তন করুণ এতে সবগুলো বিভাগের নাম পরিবর্তন হলে কুমিল্লাবাসীর দুঃখ বা আপত্তি থাকবেনা। দয়া করে আর কুমিল্লায় কাঁিচ চালাবেননা। এটা কুমিল্লাবাসীর জন্য অপমানজনক। কুমিল্লা বিভাগের নামকরণ ময়নামতি হলে তা হবে কুমিল্লাবাসীর জন্য কলংকময় অধ্যায়। কুমিল্লার প্রতি এটি একটি গভীর ষড়যন্ত্র। হাজার বছরের অনেক ইতিহাস আর ঐতিহ্যে লালিত কুমিল্লাকে ধ্বংস করে দেয়ার চক্রান্তও এটা। এতে করে কুমিল্লা হয়ে পড়বে গুরুত্বহীন। কুমিল্লা বিভাগের দাবি অর্ধশত বছরের পুরনো। কুমিল্লাবাসী এ দাবিকে পাশ কাটিয়ে দেশে অনেক বিভাগ হলেও কুমিল্লাবাসী তা মেনে নেবে না। ষড়যন্ত্রকারীদের চক্রান্তে কুমিল্লা উপেক্ষিত থাকে, শিকার হয় নানা ষড়যন্ত্রের। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন কুমিল্লা বিভাগ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন, তখন তিনি কুমিল্লা বিভাগ হিসেবেই তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন অন্য নামে নয়। এখন তা নিয়েও ষড়যন্ত্র চলছে। কুমিল্লাবাসী তা রুখে দাঁড়াবেই। কুমিল্লাবাসী কুমিল্লা বিভাগই চায় অন্য নামে বা অন্য কোথাও নয়।
লেখক ও সাংবাদিক সাইফুর রহমান সাগর তার ফেসবুকে লিখেছেন, আমার কুমিল্লার সাংবাদিক সহকর্মী বন্ধুরাসহ কুমিল্লার সাধারণ মানুষ কুমিল্লা বিভাগ নাম নিয়ে আজ জেগে উঠেছে। কুমিল্লার সাধারণ মানুষ নিজের অস্তিত্ব আঘাতে আপসহীন তা হয়তো অনেকেই জানেনা । কুমিল্লার নাম বাদ দিয়ে অন্য নামে বিভাগ করার পেছনে ষড়যন্ত্রের গন্ধ প্রকাশ পাচ্ছে। মনে রাখতে হবে, প্রতিবাদ যখন হাতের মুঠোয় আঁটকে যায়, বিপ্লব তখন কুঁড়ে কুঁড়ে মরে। সময় এসেছে নিজের অধিকারের দাবী নিয়ে আওয়াজ তোলার। কুমিল্লার ঐতিহ্যের কারনে কুমিল্লার নামে বিভাগ করা আমাদের ঐতিহাসিক দাবী ছিল। আমাদের কুমিল্লা নামটিকে হারিয়ে যেতে দেয়াটা কুমিল্লার ঐতিহ্যের সাথে বেইমানি। আসুন কুমিল্লাকে তার সঠিক মর্যাদায় স্থাপন করি। সময় এসেছে দুর্গম গিরি পাড়াপার,কুমিল্লার মাথা উঁচু করে দাঁড়াবার।
প্রবাসী ছাত্রলীগ নেতা খালেদ গোলাম কিবরিয়া তার ফেসবুকে লিখেছেন, মাননীয় মন্ত্রী লোটাস কামাল কুমিল্লার প্রতি আপনার এত হিংসা কেন । কুমিল্লা আপনাকে এত দিল তারপর আপনি…..! কুমিল্লা বিভাগের নাম যদি ময়নামতি হয় তাহলে ঢাকা বিভাগের নাম জাহাঙ্গীর নগর , সিলেটের নাম জালালাবাদ ,ময়মনসিংহের নাম মোমেনশাহী করতে হবে ! আপনি কি তা করতে পারবেন ? আপনি কুমিল্লা কুমিল্লার আশির্বাদ না অভিশাপ ? নিন্দুকেরা কিন্তু বলে আপনি কুমিল্লার …… আপনাকে নিয়ে আমরা গর্ব করতাম …


























































