মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আবার আটক হলেন ক্রিকেটার নাসির জামশেদ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক : পাকিস্তানি ক্রিকেটার নাসির  জামশেদের বিরুদ্ধে এর আগেও একবার স্পট-ফিক্সিং সংক্রান্ত বিষয়ে জুয়াড়িদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতারও করেছিল পুলিশ। এবার আবারও একই অভিযোগে গ্রেফতার হলেন জামশেদ।

২০১২ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম আসর চলাকালীন জামশেদকে মিরপুর থানা পুলিশ আটক করেছিল। তবে সেবার তাকে জিজ্ঞাসাবাদ করেই ছেড়ে দিয়েছিল পুলিশ। এবার তিনি আটক হয়েছেন লন্ডনে। ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) আটক করেছে তাকে। তবে এরই মধ্যে আগামী এপ্রিল পর্যন্ত নাকি জামিনও মঞ্জুর করিয়ে নিয়েছেন তিনি।

এনসিএ জামশেদকে গ্রেফতারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। তবে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান একটি সাক্ষাতকারে বলেছেন, ‘জামশেদের গ্রেফতারের বিষয়টি শুনেছি। তার সঙ্গে আরও একজনকে আটক করা হয়েছে। তারা ক্রিকেট সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছিল।’

পাকিস্তান সুপার লিগে দুর্নীতির অভিযোগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দুদিন আগেই জামশেদকে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে। এর আগে আরও দুই ক্রিকেটার শারজিল খান ও খালিদ লতিফকে নিষিদ্ধ ঘোষণা করেছে পিসিবি। এছাড়া মোহাম্মদ ইরফানের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি