পূর্বাশা ডেস্ক:জন্ডিস কোনো রোগ নয়, যকৃতে প্রদাহ কিংবা পিত্তাশয়, পিত্তনালী বা অগ্ন্যাশয়ের বিভিন্ন সমস্যার উপসর্গ হল জন্ডিস।। লিভারের সমস্যা ছাড়াও রক্তের রোগ, ক্যান্সার বা পিত্তের স্বাভাবিক প্রবাহ পাথর বাধাপ্রাপ্ত হলেও জন্ডিস হতে পারে। তবে জন্ডিস বলতে সাধারণত আমরা লিভারের একিউট প্রদাহ বা একিউট হেপাটাইটিসজনিত জন্ডিসকেই বুঝে থাকি। ভাইরাস থেকে শুরু করে নানা ধরনের ওষুধ যেমন প্যারাসিটামল, অ্যালকোহল ইত্যাদি অনেক কারণেই লিভারে একিউট হেপাটাইটিস হতে পারে। তবে আমাদের দেশে একিউট হেপাটাইটিসের প্রধান কারণ হেপাটাইটিস ‘ই’, ‘এ’ এবং ‘বি’ ভাইরাস। এর মধ্যে প্রথম দুটি পানি ও খাদ্যবাহিত আর তৃতীয়টি ছড়ায় মূলত রক্তের মাধ্যমে। হেপাটাইটিস ‘এ’ ভাইরাস প্রধানত শিশুদের জন্ডিসের কারণ।তবে যেকোনো বয়সের মানুষই হেপাটাইটিস ‘ই’ ও ‘বি’ ভাইরাসে আক্রান্ত হতে পারেন। তাই সব সময় তো বটেই, বর্ষা মৌসুমে পানি ফুটিয়ে খাওয়ার ব্যাপারে খুবই সচেতন থাকতে হবে। এতে শুধু হেপাটাইটিস ‘এ’ বা ‘ই’-ই নয়, বরং টাইফয়েড আর ডায়রিয়ার মতো আরো অনেক পানিবাহিত রোগ থেকেই বাঁচা যাবে । আখের রস আমাদের দেশে জন্ডিসের একটি বহুল প্রচলিত ওষুধ।
অথচ সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, রাস্তার পাশের যে দূষিত পানিতে আখ ভিজিয়ে রাখা হয় সে পানি থেকেই অনেক সময় আখের রসে এবং তারপর ওই রস থেকে হেপাটাইটিস ‘এ’ বা ‘ই’ ভাইরাস মানুষের শরীরে ছড়াতে পারে। বাইরের খাবার পরিহার করা উচিত। যদি খেতেই হয়, তবে তা অবশ্যই গরম খাওয়া উচিত। ফুচকা, চটপটি, বোরহানি আর সালাদের ব্যাপারে বেশি সতর্কতা দরকার। কারণ হেপাটাইটিস ‘এ’ বা ‘ই’-এর মতো পানি ও খাদ্যবাহিত ভাইরাসগুলো এসবের মাধ্যমেই ছড়িয়ে থাকে। বিশেষ করে গর্ভবতী মায়েদের খুব সাবধান থাকা উচিত। আর গর্ভাবস্থার শেষ তিন মাসে যদি হেপাটাইটিস ‘ই’ হয়, তবে তা থেকে মা ও গর্ভের শিশুর মৃত্যুর আশঙ্কা ৫০ শতাংশেরও বেশি।
জন্ডিসের রোগীদের সঙ্গে একই প্লেট-বাসন বা গ্লাসে খাবার বা পানি খাওয়া যাবে কি না এটি জন্ডিস রোগীর আত্মীয়স্বজনের একটি বড় প্রশ্ন। যেসব ভাইরাসের মাধ্যমে একিউট হেপাটাইটিসজনিত জন্ডিস হতে পারে, তাদের মধ্যে হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ ছড়ায় রক্তের মাধ্যমে। আর হেপাটাইটিস ‘এ’ ও ‘ই’ ভাইরাস দুটি খাদ্য ও পানিবাহিত হলেও এই দুটি ভাইরাসের কারণে রোগীর যত দিনে জন্ডিস দেখা দেয়, তখন তার কাছ থেকে আর ওই ভাইরাস দুটি ছড়ানোর আশঙ্কা থাকে না বললেই চলে।
কাজেই জন্ডিস রোগীর সঙ্গে প্লেট-বাসন শেয়ার করার মাধ্যমে কারো এ রোগে আক্রান্ত হওয়ার কোনো কারণ নেই। ঠিক তেমনিভাবে জন্ডিস রোগে আক্রান্ত মাও নিশ্চিন্তে তার সন্তানকে বুকের দুধ পান করাতে পারেন। অন্যদিকে রক্তবাহিত হেপাটাইটিস ‘বি’ ভাইরাস থেকে নিরাপদ থাকতে চাইলে ছোট-বড়, গরিব-ধনী নির্বিশেষে সবার অবশ্যই উচিত এই ভাইরাসের প্রতিষেধক টিকা নেওয়া। মনে রাখতে হবে, আমাদের দেশে প্রায় ৮০ লাখ লোক হেপাটাইটিস ‘বি’ ভাইরাসে কোনো না কোনো সময় ইনফেক্টেড হয়েছেন।
ভ্যাকসিনেশন হেপাটাইটিস ‘বি’ প্রতিরোধে খুবই কার্যকর। হেপাটাইটিস ‘বি’ ভাইরাসে আক্রান্ত মায়ের সন্তান, হেপাটাইটিস ‘বি’ রোগীর স্বামী বা স্ত্রী, স্বাস্থ্যকর্মী এবং থেলাসেমিয়া ও অন্যান্য হেমোলাইটিক এনিমিয়ার ও কিডনি ডায়ালিসিসের রোগীদের জন্য হেপাটাইটিস ‘বি’-এর ভ্যাকসিন নেওয়া অত্যন্ত জরুরি। তবে ভ্যাকসিনটি নিতে হবে কোনো ভালো জায়গা থেকে। কারণ, ঠিকমতো সংরক্ষণ করা না হলে এই ভ্যাকসিন কোনো উপকারেই আসে না।
দূষিত সিরিঞ্জ ব্যবহারের মাধ্যমে, বিশেষ করে তৃতীয় বিশ্বে অনেকেই নিজেদের অজান্তে হেপাটাইটিস ‘বি’ ও সি ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ছেন। তা ছাড়া একই শেভিং রেজর, ব্লেড কিংবা ক্ষুর ব্যবহারের মাধ্যমেও ভাইরাস দুটি ছড়াতে পারে। তবে স্ত্রী সহবাসের মাধ্যমে ছড়ালেও গর্ভস্থ শিশুর হেপাটাইটিস ‘বি’ কিংবা সি ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা নেই।
মায়ের যদি হেপাটাইটিস ‘বি’ ভাইরাসজনিত জন্ডিস হয়ে থাকে, তবে শিশুর জন্মের সঙ্গে সঙ্গেই তাকে হেপাটাইটিস ‘বি’ ভাইরাসের টিকা এবং ইমিউনোগ্লোবুলিন ইনজেকশন দেওয়া অত্যন্ত জরুরি। কারণ মায়ের দুধের মাধ্যমে না ছড়ালেও মায়ের ঘনিষ্ঠ সাহচর্যে শিশুর হেপাটাইটিস ‘বি’ ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। সামাজিক মেলামেশা যেমন হ্যান্ডশেক বা কোলাকুলি এবং রোগীর ব্যবহার্য সামগ্রী যেমন গ্লাস, চশমা, তোয়ালে, জামাকাপড় ইত্যাদির মাধ্যমে হেপাটাইটিস ভাইরাস ছড়ায় না।


























































