বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নতুন ৬০ গ্রহ আবিষ্কার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আমাদের কাছাকাছি নতুন ৬০টি গ্রহের খোঁজ পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তারা বলছেন, এর মধ্যে অনেক গ্রহে থাকতে পারে জীবনের অস্তিস্ত। এ খবর দিয়েছে অনলাইন  দ্য ইন্ডিপেন্ডেন্ট। সব মিলিয়ে মোট আবিষ্কৃত গ্রহের সংখ্যা ১১৪। গ্রহগুলোর কোনো কোনোটি দেখতে আমাদের পৃথিবীর মতো। এখানে জীবন ধারণের মতো উপযোগী পরিবেশ আছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
আবিষ্কৃত গ্রহগুলোর মধ্যে একটি হচ্ছে উত্তপ্ত ‘সুপার-আর্থ।’ গ্রহটির উপরিতল শিলাময় এবং এটি আমাদের সৌরজগত থেকে চতুর্থ নিকটতম গ্রহ। গ্লিয়েজ ৪১১-বি নামের এই গ্রহটি এমন ধারণা দেয় যে, আমাদের সূর্যের পাশে থাকা সকল নক্ষত্রকে ঘিরেই কোনো না কোনো গ্রহ ঘুরছে। এমনকি, সেসব গ্রহের মধ্যে কোনোটিতে পৃথিবীর মতো জীবনধারণের মতো পরিবেশ থাকতে পারে। কোনটিতে পাওয়া যেতে পারে এলিয়েনদের জীবনের অস্তিত্ব। কেক-আই টেলিস্কোপ ব্যবহার করে ২০ বছর সময় ধরে যুক্তরাষ্ট্রের জ্যোতির্বিদদের দ্বারা ১৬০০ নক্ষত্রের ওপর চালানো ৬১ হাজার আলাদা পর্যবেক্ষণের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই পর্যবেক্ষণগুলো লিক-কার্নেগি এক্সোপ্ল্যানেট সার্ভের অংশ ছিল। ১৯৯৬ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার স্টিভ ভোগট ও জেওফ্রি মার্সি এবং কার্নেগি ইন্সটিটিউট অব সায়েন্সের পল বাটলার, ওয়াশিংটনে শুরু করেন লিক-কার্নেগি এক্সোপ্ল্যানেট সার্ভে । প্রজেক্টটিতে একমাত্র ইউরোপিয়ান গবেষক হিসেবে কাজ করছিলেন ডক্টর তুউমি। প্রজেক্টের উপাত্ত বিশ্লেষণের কাজটিও তিনিই করেন। তিনি বলেন, ‘এটি একটি চিত্তাকর্ষক ব্যাপার যে, আমরা আমাদের নিকটতম যে নক্ষত্রের দিকেই তাকাই না কেন, তাদের সবগুলোকে ঘিরে কোনো না কোনো গ্রহ আবর্তিত হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘মাত্র পাঁচ বছর আগেও জ্যোতির্বিদরা এ বিষয়ে নিশ্চিত ছিলেন না। এই নতুন গ্রহগুলো আমাদেরকে গ্রহজনিত কার্যপ্রণালী কিভাবে ঘটে সে বিষয়ে আরো পরিষ্কার ধারণা পেতে সাহায্য করবে। ডক্টর বাটলার বলেন, ‘এই তথ্য ও গবেষণা প্রকাশ করা আমার জন্যে একজন জ্যোতির্বিদ হিসেবে অর্জিত শ্রেষ্ঠ অর্জনের মধ্যে একটি। এটি আমার সারাজীবনের কাজের একটি বিশাল অংশের প্রতিনিধিত্ব করে।’ দলটির গবেষণাপত্র প্রকাশের জন্য দ্য এস্ট্রোফিজিক্যাল জার্নাল দায়িত্ব নিয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি