পূর্বাশা ডেস্ক:
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের বিশেষ ভূমিকা রাখার আহবান জানিয়েছেন।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।
নূরুল ইসলাম নাহিদ বলেন, দেশের সব ছাত্র-ছাত্রীদের উপযুক্ত মানুষ হিসাবে গড়ে তুলতে হলে শিক্ষকদের এগিয়ে আসতে হবে। আর সবাইকে সুশিক্ষিত হিসাবে গড়তে পারলে দেশ এগিয়ে যাবে।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আসাদুল হকের সভাপতিত্বে সমিতির প্রধান উপদেষ্টা কাজী ফারুক আহমেদ, বাকশিসর সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূরুন নবী সিদ্দিকী, জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অধ্যক্ষ ফয়েজ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
দেশে শিক্ষার প্রসার ঘটলেও শিক্ষার মানোন্নয়নই এখন বড় চ্যালেঞ্জ জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, মানসম্মত শিক্ষা উন্নয়নে শিক্ষকদের প্রধান ভূমিকা রাখতে হবে। কেননা, আমাদের নতুন প্রজন্ম ও ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আমরা যদি তা না করতে পারি তাহলে সেটাই হবে আমাদের ব্যর্থতা।























































