সোমবার,৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশ ক্রিকেট লীগ পরীক্ষায় সেন্ট্রাল জোন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০২.২০১৭

পূর্বাশা স্পোর্টস ডেস্ক:

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট আসর বাংলাদেশ ক্রিকেট লীগে (বিএসএল) অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নামছে চ্যাম্পিয়ন ওয়ালটন সেন্ট্রাল জোন। আসরের চতুর্থ রাউন্ডের খেলা মাঠে গড়াচ্ছে আজ। ফ্রেঞ্চাইজিভিত্তিক চারদিনের ম্যাচে শিরোপাধারী সেন্ট্রাল জোনের লড়াই এবারের পয়েন্ট তালিকার দ্বিতীয় শীর্ষ দল ইসলামী ব্যাংক ইস্ট জোনের বিপক্ষে। ফতুল্লা খান সাহেব ওসমান আলী মাঠে খেলা শুরু সকাল সাড়ে ৯টায়। চলতি আসরে তিন ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে শোভা পাচ্ছে সেন্ট্রাল জোনের নাম। আসরে এখনও জয়ের মুখ দেখেনি তারা। এতে তারা হার দেখেছে দুই ম্যাচে। আজ আসরের অন্য ম্যাচে মুখোমুখি হচ্ছে নর্থ-সাউথ। সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে বিসিবি নর্থ জোন ও প্রাইম ব্যাংক সাউথ জোনের লড়াই শুরু একই সময়ে। ৬ রাউন্ডের বিসিএলে এক জয় ও দুই ড্র নিয়ে তালিকার শীর্ষে রয়েছে নর্থ জোন।

চলতি আসরে ব্যাট হাতে সর্বাধিক ২৯৪ রানের কৃতিত্ব নিয়ে তালিকার শীর্ষে নর্থ জোনের নাঈম ইসলাম। ২৪০ রান নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন একই দলের ওপেনার জুনাইদ সিদ্দিকী। আসরে দুজনের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস যথাক্রমে ১৮৫ ও ১৮১ রানের। আসরে সাউথ জোনের তারকা তুষার ইমরানের সংগ্রহ ২৩৪ রান। তবে এবারের বিসিএলে এক ম্যাচে সুযোগ নিয়ে সেরা চমকটা ইস্ট জোনের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাসের। ২২৫ রান নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন লিটন। চলতি আসরে একমাত্র ডবল সেঞ্চুরির (২১৯) কৃতিত্বটা তারই। শেষ ম্যাচে বল হাতে ইনিংসে পাঁচ উইকেট ও পরে ব্যাটিংয়ে সেঞ্চুরি হাঁকিয়ে চৌকস নৈপুণ্য দেখান সেন্ট্রাল জোনের অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী। আসরে তিন ম্যাচে ১৬ উইকেট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন স্পিন তারকা শুভাগতই।  সমান ১৬ উইকেট শিকার সাউথ জোনের বাঁ-হাতি স্পিনার আবদুর রাজ্জাকের। নর্থ জোনের স্পিন তারকা সানজামুল ইসলামের রয়েছে ২ ম্যাচে ১৫ উইকেট।
পয়েন্ট তালিকা
দল     ম্যাচ     জয় হার    ড্র    প.
নর্থ জোন     ৩     ১     ০     ২     ১১
ইস্ট জোন     ৩     ১     ১     ১     ৯
সাউথ জোন     ৩     ১     ০     ২     ৯
সেন্ট্রাল জোন     ৩     ০     ২     ১     ৩



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি