শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আজও বাস্তবায়ন হয় নি শহীদ মিনারের মূল নকশা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

নানা প্রতিবন্ধকাতায় আজও বাস্তবায়ন হয় নি কেন্দ্রীয় শহীদ মিনারের মূল নকশা। গবেষকরা বলছেন, ৫২’র ভাষা আন্দোলনের ইতিহাস সংরক্ষণ অনীহার কারণে স্থাপত্যটি মূল নকশায় অনুযায়ী বাস্তবায়ন হয় নি। তবে ২০১৮ সালের মধ্যে শহীদ মিনারে পরিসর বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে সরকার।

কেন্দ্রীয় শহীদ মিনার তৈরির পর তৎকালীন সময়ে পাকিস্তানি বাহিনীর কয়েকদফা ভেঙ্গে দেয়। এরপর ১৯৮৩ সালে নকশা বদলের পরিসর বাড়িয়ে বর্তমান রূপ পায় শহীদ মিনার। তবে শহীদ মিনারের অবয়ব হওয়ার কথা ছিলো আরও বড় পরিসরে। মূল নকশায় ছিলো আরও বেশ কিছু স্থাপনার প্রস্তাবনা।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির পর দিনই ঢাকা মেডিকেল কলেজের ছাত্রদের উদ্যোগে গড়া হয় প্রথম শহীদ মিনার। আন্দোলনের প্রতীকী মর্যাদা পাওয়ায় সেদিন বিকেলেই মেডিকেল হোস্টেল ঘেরাও করে মিনারটি গুড়িয়ে দেয় পুলিশ।

এরপর ১৯৫৭ সালে এর নকশা তৈরি করেন শিল্পী হামিদুর রহমান। সেই অনুযায়ী কাজ শেষ হলে মূল অংশের মঞ্চে দাঁড়ানো মা ও শহীদদের প্রতীক হিসেবে থাকতো অর্ধবৃত্তাকার স্তম্ভ। তার গায়ে হলুদ ও গাঢ় নীল কাঁচ গড়া কিছু চোখের প্রতীক। মিনারের সামনে থাকার কথা ছিলো বাংলা বর্ণমালা খচিত একটি রেলিং। মিনারের পাশে জাদুঘর, পাঠাগার ও দীর্ঘ-দেয়ালচিত্র ছাড়াও নকশায় ছিলো আরও বেশ কিছু পরিকল্পনা। কিন্তু সেসব কাজ বন্ধ হয়ে যায় ১৯৫৮ সালে সামরিক আইন জারির পর।

বাষট্টিতে পূর্ব পাকিস্তানের তৎকালীন গভর্নর আজম খানের নির্দেশে বদলে যায় মূল নকশা। পরিকল্পিত স্থাপত্যের বিস্তর অঙ্গহানির অভিযোগ উঠে। পরে তেষট্টি সালে তড়িঘড়ি করে সে কাজ শেষ করা হয়। মুক্তিযুদ্ধ চলাকালে সে মিনারটিও গুড়িয়ে দেয় পাকিস্তানি হানাদার বাহিনী। বাহাত্তরে সংক্ষিপ্ত নকাশায় আবারও গড়া হয় শহীদ মিনার।

১৯৮৩ সালে এরশাদ সরকারের সময় মিনার প্রাঙ্গণের কিছুটা বিস্তার ঘটিয়ে বর্তমান আকারে আসে শহীদ মিনার। গবেষকরা বলছেন, ভাষা আন্দোলনের ইতিহাস সংরক্ষণে অনীহার কারণেই এত বছরেও মূল নকশায় হয়নি স্মৃতির মিনার।

সরকার বলছে, ২০১৮ সালের মধ্যে শহীদ মিনারের পরিসর বাড়ানো হবে। সাথে বদলানো হবে নকশাও। তবে এ দফায় আর তড়িঘড়ি করে কাজ না করার আহ্বান বিশ্লেষকদের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি