শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জুতা পায়ে শহীদ মিনারে, নষ্ট হচ্ছে পবিত্রতা


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বাঙালি চেতনার মূল সূত্র শহীদ মিনার। কিন্তু, জুতা পায়ে মিনারের মূল বেদীতে উঠে যাচ্ছেন অনেকেই। এতে নষ্ট হচ্ছে স্মৃতির মিনারের পবিত্রতা। জাতি হিসেবে একে চরম লজ্জার বলে মনে করেন ভাষা সৈনিকরা। শহীদদের সম্মান এবং মিনারের পবিত্রতা রক্ষায় এখনি ব্যবস্থা নেয়া উচিৎ বলে মনে করেন তারা।

অনেককে দেখি জুতা পরে মূল বেদীতে উঠে যায় সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী সাবেরী আলম বলছিলেন শহীদ বেদীতে জুতা পায়ে ওঠার প্রবণতায় পারিবারিক শিক্ষার অভাবকে দায়ী করলেন তিনি। অথচ, তিনি নিজেই শহীদের রক্তে গড়া বেদী জুতা পায়ে মাড়িয়েছিলেন একটু আগেই। জানতে চাইলে বদলে গেল আগের উত্তর।এবার বিষয়টিকে তুচ্ছ বলে দাবী করেন তিনি।

শুধু এই অভিনেত্রীই নন, এরকম নানা ঘটনায় প্রতিনিয়তই অপবিত্র হচ্ছে শহীদ বেদী। জুতো পায়ে চলে আড্ডা ও সেলফি তোলার মত ঘটনা।

অমানিশার ঘোর অন্ধকারে আলোক বর্তিকা হয়ে পথ দেখায় একুশ। পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে ভাষার মুক্তি ঘটানো বীর শহীদদের স্মৃতি নিয়ে মাথা উঁচু করে দাঁড়ায় বাঙ্গালি জাতিসত্ত্বার সবচেয়ে বড় আবেগের জায়গা এই জাতীয় শহীদ মিনার।

পরাধীনতার শেকল ভাঙ্গার প্রথম গল্প রচিত হয় ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যারা আমাদের ভাষার মুক্তিএনে দিয়েছিলেন তাদের স্মৃতির প্রতি সম্মান জানাতে নির্মিত হয় এ শহীদ মিনার

এদিকে, জুতা পায়ে শহীদ বেদীতে ওঠাকে চরম অসম্মানের আখ্যা দিয়ে মিনারের পবিত্রতা রক্ষার ওপর জোর দিলেন ভাষা সৈনিক আহমদ রফিক।

একুশ আমাদের সংস্কৃতিতে, মননে, গড়নে সদা ক্রিয়াশীল। বাঙ্গালির অগ্রযাত্রার প্রথম সোপান এবং পাথেয় একুশ। তাই শহীদদের স্মৃতি রক্ষায় রাষ্ট্রীয় এবং ব্যক্তি পর্যায়ে আরো সচেতন হওয়া উচিৎ বলে মনে করেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি