মঙ্গলবার,২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


দেবিদ্বার পুলিশের ৩ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে লুন্ঠিত মালামালসহ ৩ চোর গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০২.২০১৭

স্টাফ রিপোর্টারঃ
দেবিদ্বার পুলিশের ৩ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে লুন্ঠিত মালামালসহ ৩ চোর গ্রেফতার হয়েছে। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে এস.আই মোঃ মোর্শেদ আলম, এস.আই মোঃ সোহেল আহমেদ, এ.এস.আই মোঃ মঞ্জুরুল আলমসহ একদল পুলিশ অভিযানে অংশ নেয় । গত ১৯ ফেব্রুয়ারী উপজেলার এলাহাবাদ ইউনিয়নের কাচিসাইর গ্রামের জনৈক মৃত আঃ রশিদ এর স্ত্রী ফরিদা আক্তারসহ তার পরিবারের লোকজন তাদের পশ্চিম ভিটির চৌচালা টিনের বসত ঘরে রাতে ঘুমিয়ে পড়ে। ফরিদা আক্তার ও তার পরিবারের লোকজন ঘুমন্ত থাকাবস্থায় তাদের বসত ঘরের উত্তর পার্শ্বের মাটির ঢেলায় সিঁধ কেটে গৃহে প্রবেশ করে ৩ জন চোর।

চোরেরা গৃহে প্রবেশ করে ফরিদা আক্তার ও তার মেয়ের হাত-পা বেঁধে ফেলে। এসময় ফরিদা আক্তারের ঘুম ভেঙ্গে গেলে চোরেরা ফরিদা আক্তার ও তার মেয়ের গলায় ছোরা ধরে ফরিদা আক্তারের কানে থাকা এক জোড়া স্বর্ণের দুলসহ দুইটি মোবাইল সেট এবং একটি টর্চ লাইট নিয়ে যায়। চোরেরা ফরিদা আক্তারের কনিষ্ঠ মেয়েকে অস্ত্রের ভয় দেখিয়ে তার নিকট হতে স্টিলের আলমিরার চাবি চাইলে ফরিদা আক্তারের কনিষ্ঠ মেয়ে ভয়ে ডাক চিৎকার করতে থাকে। তখন আশপাশের লোকজন ঘটনাস্থল আসতে থাকলে চোরেরা দৌড়ে পালাতে থাকে। এসময় পুলিশের টহল পার্টিতে থাকা এএসআই মঞ্জুরুল আলম সহ তাহার সঙ্গীয় পুলিশ ফোর্স কামাল হোসেন(১৯) নামের একজন চোরকে গ্রেফতার করে এবং তার নিকট থেকে একটি কালো টর্চ লাইট, ৩ টি ছুরি, একটি পুরাতন বাটিক প্রিন্টের ওড়না উদ্ধার করে। চোর কামাল হোসেন উপজেলার নবীয়াদবাদ গ্রামের আঃ সাত্তারের ছেলে। পরবর্তীতে অপর দুইজন চোরকে গ্রেফতারের জন্য এস.আই মোঃ মোর্শেদ আলম, এস.আই মোঃ সোহেল আহমেদ, এ.এস.আই মোঃ মঞ্জুরুল আলমসহ একদল পুলিশ ধৃত চোর কামাল হোসেনকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে অপর দুই চোর ধামতী এলাকার ভূইয়া বাড়ির আঃ রশিদের ছেলে সুমন মিয়া(৩০) ও নিমসার বাজার লিটন মিয়ার ভাড়াটিয়া আঃ আজিজের ছেলে চঞ্চল মিয়াকে(২৫) গ্রেফতার করে। চোর সুমনের কাছ থেকে চোরাই যাওয়া সাদা স্যামসাং ডুয়েস মোবাইল ফোন এবং আসামী চঞ্চল এর কাছ হতে একটি পুরাতন নোকিয়া-১২০০ মোবাইল, দুই জোড়া ৪ আনা ওজনের স্বর্ণের কানের দুল, এক টুকরা হলুদ বল প্রিন্ট কাপড়ের টুকরা উদ্ধার করে পুলিশ। আটক হওয়া চোরেরা বিভিন্ন সময় থানা এলাকায় বিভিন্ন স্থানে চুরি সংঘটন করে থাকে। আসামীদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি