স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রামে শহীদ মিনারে ছবি তোলাকে কেন্দ্র করে গত ২১ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে মাইনউদ্দিন (২৪) নামের এক ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছে। মাইনউদ্দিন মুন্সিরহাট ইউনিয়নের মেষতলী গ্রামের পেয়ার আহম্মদের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি খোরশেদ আলম। গুলিবিদ্ধ মাইনউদ্দিন ও খোরশেদকে চৌদ্দগ্রাম সরকারী হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে স্থানীয় মুন্সিরহাট ইউনিয়নের গার্লস হাইস্কুলের শহীদ মিনারে ফুল দেওয়ার ছবি তোলাকে কেন্দ্র করে ইউনিয়ন যুবলীগ নেতা ফয়সাল ও ইউনিয়ন ছাত্রলীগ নেতা খোরশেদের কর্মীদের মধ্যে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার একপর্যায়ে ফয়সাল তার সাথে থাকা পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলিবর্ষন করলে মাইনউদ্দিন পায়ে গুলিবিদ্ধ হয়। এ সময় ফয়সালের সাথে থাকা কর্মীরা ছাত্রলীগ নেতা খোরশেদকেও উপর্যুপরি কিলগুষি মেরে আহত করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম গোলাগুলির ঘটনা অস্বীকার করে বলেন, ছবি তোলাকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে হালকা হাতাহাতি হয়েছে।


















































