বিশেষ প্রতিবেদনঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরের দিকে বিশেষভাবে নজর রাখছে ঢাকাস্থ চীন ও পাকিস্তান দূতাবাস। সফরকালে যেসব চুক্তি হবে সেগুলোর ব্যাপারে দুই দূতাবাস ‘খুঁটিনাটি তথ্য সংগ্রহ করেছে’। এপ্রিলের মাঝামাঝি সময়ে শেখ হাসিনার নয়াদিল্লি যাওয়ার কথা।
এ সফর ঘিরে বৃহস্পতিবার ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর। তিনি সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গেও দেখা করেন তিনি। ওই বৈঠকেই সফরের বিষয়টি চূড়ান্ত হয়।
বৈঠক ও শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, এপ্রিলের প্রথমার্ধে প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন। তবে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। সফরটি ‘গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর’ বিবেচনায় এ দিনক্ষণ জানানো হচ্ছে না।
শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার দিল্লি সফরে দুদেশের সামরিক বাহিনীর মধ্যে যে সমঝোতা চুক্তি হওয়ার কথা, তা খুবই গুরুত্বপূর্ণ। অবস্থানগত কারণে চীনও বাংলাদেশে প্রভাব বিস্তারে উঠেপড়ে লেগেছে। সেখানে বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে বেইজিং। হাসিনার নয়াদিল্লি সফরের ওপর পাকিস্তানও নজর রাখছে। ঢাকার চীন ও পাকিস্তান দূতাবাস সাংবাদিকদের কাছ থেকে শেখ হাসিনার সফরে হতে চলা চুক্তিগুলোর খুঁটিনাটি সংগ্রহ করেছে বলে বাংলাদেশের গোয়েন্দারা খবর পেয়েছেন। এ পরিস্থিতিতে এপ্রিলের প্রথমার্ধে এ সফরের কথা ঘোষণা করা হলেও তার দিনক্ষণ জানানো হয়নি।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, “এ সফর যেমন গুরুত্বপূর্ণ, তেমনই স্পর্শকাতর। তাই এ সাবধানতা।” এর আগে ডিসেম্বরে এ সফর হবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছিল। তখন দিনক্ষণ চূড়ান্ত না হলেও সফরের বিস্তারিত এবং সফরে হতে যাওয়া দ্বিপাক্ষিক চুক্তিগুলোর খবরও প্রধানমন্ত্রীর কার্যালয় সাংবাদিকদের জানিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে ওই সফর বাতিল করে দেয় ঢাকা। এর পর ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর তড়িঘড়ি করে ঢাকায় এসে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। তখন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছিল, ফেব্রুয়ারির শেষে শেখ হাসিনা দিল্লি যেতে পারেন। কিন্তু সে সফরও হয়নি।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, এ মুহূর্তে সব চেয়ে বিশ্বস্ত ও আস্থাভাজন প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধান বার বার সফর বাতিল করছেন- এ বিষয়টিকে ভারতের কূটনীতির দুর্বলতা বলে অনেকে ব্যাখ্যা করছেন।
এতে আরো বলা হয়, ২০১৫ সালে নরেন্দ্র মোদি ঢাকা সফরে যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন, স্থলসীমা চুক্তি ছাড়া কার্যত আর কিছুই বাস্তবায়ন হয়নি। তিস্তার জলও গড়ায়নি। অথচ তিস্তার জলবণ্টন চুক্তির বিষয়টি ২০১৮ এর শেষে হতে যাওয়া নির্বাচনে শেখ হাসিনার কাছে অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক বাধ্যবাধকতা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতেই আটকে আছে এ চুক্তি। ঢাকার অভিযোগ, এ আপত্তি দূর করতে সেভাবে তৎপর হচ্ছে না দিল্লি। যদিও ঢাকা এখন তিস্তার জলের ভাগের বিষয়টিকে আলাদা করা দেখাতে চাইছে না। সম্প্রতি শেখ হাসিনা বলেন, শুধু তিস্তা নয়, ভারত থেকে বয়ে আসা সব নদীর জলেরই ন্যায্য ভাগ চায় বাংলাদেশ। নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীও বলেন, “দুদেশের সম্পর্ক শুধু তিস্তায় আটকে নেই। আটকে থাকবেও না।”
প্রতিবেদনে আরো বলা হয়, ঢাকার এ অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছে দিল্লি। শেখ হাসিনার দিল্লি সফরে দুদেশের সামরিক বাহিনীর মধ্যে যে সমঝোতা চুক্তি হওয়ার কথা, তা খুবই গুরুত্বপূর্ণ। অবস্থানগত কারণে চীনও বাংলাদেশে প্রভাব বিস্তারে উঠেপড়ে লেগেছে। সেখানে বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে বেইজিং।
চীনা ব্যবসায়ীদের সঙ্গে ১৮৬ মিলিয়ন ডলারের চুক্তি
কর্ণফুলী টানেল নির্মাণে পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
উল্লেখ্য, গত অক্টোবরে বাংলাদেশ সফর করেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। দুই দেশের অতীতের সফরের সঙ্গে এবারের পার্থক্য ছিল, সফরটা শুধু ব্যবসা আর বিনিয়োগে সীমিত ছিল না। শীর্ষ নেতৃত্ব সম্পর্কে রাজনৈতিক উপাদান যুক্ত করতে উচ্চপর্যায়ে যোগাযোগ বাড়ানোর সিদ্ধান্ত হয় ওই সফরে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট জিন পিং বৈঠক শেষে যৌথ ঘোষণায় ২০১৭ সালকে বন্ধুত্বের বছর হিসেবে অভিহিত করেন। প্রায় ২৫ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা চুক্তির নকশাও হয় সফরে। তাদের বৈঠকের পর দুই দেশ ২৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এ ছাড়া চীনের অর্থায়নে ছয়টি প্রকল্পের ফলক উন্মোচন করা হয় সফরে।
চীনের ব্যবসায়ীদের সঙ্গে ১৮৬ মিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি করেছে বাংলাদেশের ব্যবসায়ীরা। চীনের সাতটি প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের ১৩টি প্রতিষ্ঠান মোট ১৩টি চুক্তিতে সই করে।


























































