স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকের মামলার বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরন করেছে। থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএএম শাহজাহান কবির, ওসি (তদন্ত) শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াস, এসআই কবির হোসেন, এএসআই নুরুদ্দীন ও সঙ্গীয় ফোর্স গত শুক্রবার মধ্যরাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এসময় গংগানগর গ্রামের সিরু মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৩৮)কে তার নিজ বাড়ী থেকে আটক করে থানায় নিয়ে আসে। সে নারায়নগঞ্জ বন্দর থানার ২০১০ সালের মাদকের মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী ছিল। একই পুলিশ শশীদল ইউনিয়নের মানরা গ্রামে অভিযান চালিয়ে মৃত আবদুর রহমানের ছেলে হেলাল (৩৮)কে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে।
সে নরসিংদী রায়পুর থানার ২০১৩ সালের একটি মাদকের মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিল। এছাড়া একই পুলিশ একই রাতে উপজেলার দক্ষিণ শশীদল গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে আক্তার হোসেন (৪০)কে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে। সে ব্রাহ্মণপাড়া থানার ২০১০ সালের মাদকের মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিল। ২৫ ফেব্রুয়ারী শনিবার আসামীদের কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে। ওসি এসএএম শাহজাহান কবির সত্যতা নিশ্চিত করেছেন।


















































