পূর্বাশা ডেস্ক: শুধু চলচ্চিত্রের ইতিহাসেই নয়, বিশ্বের শিল্প সাহিত্যের ইতিহাসে অস্কার সবচেয়ে আলোচিত এবং সম্মানজনক পুরস্কার হিসেবে সকল তারকার আকাঙ্ক্ষিত। আর মাত্র কয়েক ঘণ্টার ,সেই ১৯২৯ সাল থেকে যাত্রা শুরু করে বিশ্বের সেরা চলচ্চিত্র সম্মান পুরস্কার ‘অস্কার’। লস অ্যাঞ্জেলসে হলিউড এন্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে এবারের ৮৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। এখানেই জমকালো আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হবে। আজ এই অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর মূল অনুষ্ঠানটির সঞ্চালনা করবেন জিমি কিমেল৷
অস্কারের ৮৯ তম আসরের মনোনয়ন তালিকা ঘোষণা করা হয় গত ২৪ জানুয়ারি। অস্কারের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে ধারণকৃত ভিডিওর মাধ্যমে মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়। ভিডিওটির চিত্রায়ণ হয়েছে লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক, শিকাগো, টরন্টো, লন্ডন ও টোকিওতে। এই আয়োজন এবিসি নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে বিশ্বের ২২৫টিরও বেশি দেশে।
এবারের মনোনয়ন
এ বছর সবচেয়ে বেশি মনোনয়ন পেয়ে শীর্ষস্থান দখল করে নিয়েছে ‘লা লা ল্যান্ড’। পেয়েছে ১৪টি মনোনয়ন। সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, পরিচালনা, সিনেমাটোগ্রাফি, এডিটিং, কস্টিউম ডিজাইনিং, অরিজিন্যাল স্কোর, দুটি অরিজিন্যাল মিউজিক, সাউন্ড মিক্সিং ও সাউন্ড এডিটিং। এক জ্যাজ পিয়ানোবাদকের সঙ্গে অভিনেত্রীর টগবগে রোমান্স এ ছবির আকর্ষণ। যে দুটি ভূমিকায় অভিনয় করেছেন রায়ান গসলিং ও এমা স্টোন। লস অ্যাঞ্জেলেস-এ এসে নিজেদের স্বপ্নপূরণ করতে চায় তারা। সঙ্গীতময় এই ছবি ইতিমধ্যেই জিতে নিয়েছে গোল্ডেন গ্লোব ও বাফটা অ্যাওয়ার্ডস-এর বেশ কিছু পুরস্কার। অস্কারের বেশ কিছু পুরস্কার যে ‘লা লা ল্যান্ডে’র ঝুলিতেই পড়বে, তাতে সন্দেহ নেই।
পিছিয়ে নেই ‘দ্য লায়ন’-ও। এ ছবিতে অভিনয় করেছেন টলিউডের ঋদ্ধি সেন ও কৌশিক সেন। সারু ব্রিরলের ‘আ লং ওয়ে হোম’ অবলম্বনে বানানো ছবির গল্পে পাঁচ বছরের শিশু হারিয়ে যায় কলকাতার রাস্তায়। সহায়সম্বলহীন এই ছেলেটিকে দত্তক নেয় অস্ট্রেলিয়ান দম্পতি। ২৫ বছর পর সে খুঁজতে আসে হারানো শৈশব। এই চরিত্রে ‘স্লামডগ মিলিওনিয়ার’ খ্যাত দেব পাটেল। আছেন রুনি মারা ও নিকোল কিডম্যান। সেরা সহ-অভিনেতা ও অভিনেত্রী সহ ৬ টি বিভাগে মনোনয়ন পেয়েছে এই ছবি।
একইরকমভাবে ৬টি বিভাগে মনোনয়ন পেয়েছে ‘ম্যানচেস্টার বাই দ্য সি’। সেরা ছবি ও সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছে এই ছবি। ভাইয়ের মৃত্যুর পর তার ছেলেকে দেখভাল করবার জন্য এক ব্যক্তিকে আসতে হয় ম্যানচেস্টার শহর ছেড়ে, তবু কীভাবে তাড়া করে এই স্মৃতি, সেটাই উপজীব্য।
৬টি বিভাগে মনোনয়ন পেয়েছে ‘হ্যাকশ-রিজ’ ছবিটিও। ছবির নায়ক ডেসমন্ড ডস জীবনে কোনওদিন কাউকে আঘাত করবেন না বলেই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে আমেরিকার হয়ে যুদ্ধে গেলেও কোনওদিন বন্দুক হাতে তোলেননি। হ্যাকশ-রিজের যুদ্ধে অস্ত্র না নিয়ে অসংখ্য মানুষের প্রাণ বাঁচান তিনি।
৮টি মনোনয়ন পেয়ে জোরালো যুদ্ধে আছে ‘অ্যারাইভ্যাল’ ছবিটি। অ্যামি অ্যাডামস ও জেরেমি রেমার অভিনীত এই ছবি আসলে কল্পবিজ্ঞান, ভিনগ্রহী জীবের গল্প। সেরা ছবি, পরিচালনা, সিনেমাটোগ্রাফিতে পেয়েছে অস্কার। ডেভিড ম্যাকেঞ্জি পরিচালিত হেল অর হাই ওয়াটার পেয়েছে ৪টি মনোনয়ন। গ্যাংস্টার ঘরানার এই ছবিও বেশ নজর কাড়বে। ৩টি মনোনয়ন পেয়েছে ‘হিডন ফিগারস’। সেরা ছবি, সহ অভিনেত্রী ও অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে।

অস্কার ইতিহাস
১৯২৯ সালের ১৬ মে হলিউডের রুজভেল্ট হোটেলের ব্লজম রুমে প্রথম অস্কার পুরস্কার দেয়া হয়। চলচ্চিত্রের ইতিহাসে প্রাচীনতম, জনপ্রিয় এবং প্রভাবশালী এই পুরস্কার দিয়ে থাকে একাডেমি অব মোশন পিকচার্স এণ্ড সাইন্স (এএমপিএএস) নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান। ১৯৩৫ সাল থেকে প্রিন্সওয়াটারহাউস এই পুরস্কারের জন্য ভোট গ্রহণ করে আসছে।
১৯২৭ সালের ১ আগস্ট থেকে ১৯২৮ সালের ১ আগস্ট নাগাদ যে সব চলচ্চিত্র মুক্তি পেয়েছিল তারমধ্যে থেকে বিচার করে এই পুরস্কার বিতরণ করা হয়। আমেরিকার একাডেমি অব মোশন পিকচার্স আর্টস এণ্ড সাইন্স নামের প্রতিষ্ঠান ১৯২৭ সালে সিদ্ধান্ত নিয়েছিল শিল্প, সাহিত্য, বিজ্ঞানের সমন্বয় চলচ্চিত্র নামের যে মাধ্যম গড়ে উঠেছে তার বিভিন্ন ক্ষেত্রে পুরস্কার প্রবর্তন করবে এবং সংশ্লিষ্টদের উৎসাহী করে তুলবে। এর ফলেই জন্ম হয় বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র পুরস্কারের।
এই পুরস্কারটির নাম আসলে ‘একাডেমি অ্যাওয়ার্ড অব মেরিট’ আর পদকটির নাম ‘অস্কার’। এখন অবশ্য ‘অস্কার’ নামেই পুরস্কার ও পদক দুটোই পরিচিত। অস্কার নামটি কোথা থেকে এলো তা নিয়ে সুনিশ্চিত কোন ধারণা নেই। কেউ বলে থাকেন একাডেমি লাইব্রেরিয়ান মার্গারেট হারিক এই পুরস্কার দেখে বলেছিলেন এই পদকের মানুষটি দেখতে তাঁর চাচা অস্কারের মতো, সেই থেকে এই নামকরণ। আরেকটি মত হলো, ১৯৩৪ সালে ৬ষ্ঠ অস্কার প্রদানের সময় হলিউডের কলাম লেখক সিডনি সোলস্কি ক্যাথারিন হেপবার্নের সেরা অভিনেত্রীর পুরস্কারটিকে অস্কার বলে সম্বোধন করে ছিলেন। মত যাই হোক, ১৯৩৯ সাল থেকে একাডেমি অ্যাওয়ার্ড অব মেরিটকে অস্কার নামে ডাকা শুরু হয়ে যায়।


























































