সিসি ক্যামেরায় ধারণ করা অপহরণের ফুটেজ- রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে বাঙলা কলেজের শিক্ষার্থী সোহাগ হোসেন, শাহআলী প্লাজা থেকে হাসান ও সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে ডা. ইকবাল মাহমুদ এবং পল্লবী পূরবী সিনেমা হলের সামনে থেকে ডা. রিয়াদ আহমেদ নাসের চৌধুরীকে অপহরণ। এদের মধ্যে ডা. নাসেরকে পাওয়া যায়
অপহরণকারী চক্রের সদস্যরা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। রাতে তো বটেই, দিন-দুপুরেও নারী-শিশুসহ নানা বয়সী ও শ্রেণিপেশার মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে। এসব ঘটনার বেশিরভাগই ঘটছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে। পুলিশের দেওয়া তথ্য জানাচ্ছে রাজধানীতে গত বছর ১০৩ জন অপহৃত হয়। তাদের দেওয়া তথ্যানুযায়ী প্রতি তিন দিনে একজন অপহরণ হয়েছে। এসব অপহরণকা ব্যবহার করা হচ্ছে কালো কাচের মাইক্রোবাস। ক্ষেত্রবিশেষে আদায় করা হচ্ছে মুক্তিপণ। ভাগ্যক্রমে ছাড়াও পাচ্ছেন কেউ-কেউ। হতভাগ্য কারো লাশ মিলছে রাস্তায়, ডোবা, নালা ও নদীতে। তবে বেশিরভাগ ঘটনাতেই অপহরণকারীচক্রের সদস্যরা থেকে যাচ্ছে অধরা।
ভুক্তভোগীদের অভিযোগ, অপহরণের ঘটনায় থানায় মামলা করতে গেলেও সংশ্লিষ্টরা অভিযোগ গ্রহণ করেন না। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠলে এ প্রবণতা বেশি লক্ষণীয়। অপহরণকা পুলিশ ও র্যাবের কাছে অভিযোগ করলে অনেক সময় সহায়তা না পাওয়ার অভিযোগও রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ঝামেলা আরও বাড়ে। তাই অনেকেই এ ধরনের ঘটনায় বাড়তি ঝামেলা এড়াতে র্যাব-পুলিশকে না জানিয়ে অপহরণকারীদের দাবিকৃত অর্থ পরিশোধ করে ছাড়িয়ে আনেন স্বজনকে।
অপরাধ বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা বলছেন, গত বছরের শুরুর দিকে রাজধানীতে অপহরণকারী চক্রের তৎপরতা ছিল উদ্বেগজনক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযানে কিছুদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও বছরের শেষভাগ ও চলতি বছরের প্রথম থেকেই নগরীর বিভিন্ন স্থানে ফের অপহরণের ঘটনা বেড়েছে। গাড়িতে কালো কাচ ব্যবহার নিষিদ্ধ করা হলেও মানা হচ্ছে না সে আদেশ। তা ছাড়া প্রশাসনের পর্যাপ্ত নজরদারিরও অভাব রয়েছে। ফলে অধিকাংশ ক্ষেত্রেই অপহরণচক্রের সদস্যদের আইনের আওতায় আনা যাচ্ছে না। এতে অপহরণ-গুমের মতো ভয়ের বার্তা ছড়িয়ে পড়ছে নগরীতে।
প্রশাসনের কর্তাব্যক্তিদের দাবি, বিভিন্ন অপরাধের মতো অপহরণও নিয়ন্ত্রণে আছে। অপহরণকারীদের গ্রেপ্তার এবং অপহৃতকে উদ্ধারের ঘটনাই বেশি।
গত বছর (২০১৬ সাল) রাজধানীর বিভিন্ন স্থান থেকে মোট ১০৩ জনকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পুলিশ সদর দপ্তরের তথ্য এটি। ২০১৫ সালে রাজধানীতে অপহরণের ঘটনায় বিভিন্ন থানায় মামলা হয় ১৪৬টি। এ হচ্ছে পুলিশি হিসাব। ভুক্তভোগীদের মধ্যে যারা সংশ্লিষ্ট থানায় অভিযোগ করেন, তাদের সেই অভিযোগের ভিত্তিতে তৈরি করা হয়েছে এ হিসাব। কিন্তু অপহরণকা-ের বাস্তবচিত্র আরও ভয়াবহ। নানা ভয়ভীতি প্রদর্শনের কারণে অনেক ভুক্তভোগী বা তাদের স্বজনরা অভিযোগ জানাতে পারছেন না সংশ্লিষ্ট দপ্তরে। যা পুলিশি হিসেবের বাইরে পাওয়া তথ্যে অনেকটাই স্পষ্ট ফুটে উঠেছে। কারণ চলতি বছরের জানুয়ারি মাসে পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে, রাজধানীতে মাত্র দুজন অপহরণের শিকার হয়েছে। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে গুম বা অপহরণের বিষয়ে প্রকাশিত তথ্যে জানা গেছে, এই এক মাসেই অপহৃত হয়েছে শিশুসহ ৮ জন।
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক পর্যালোচনায় দেখা গেছে, ২০১৫ বছরের তুলনায় গত বছরে গুম-গুপ্তহত্যার সংখ্যা বেড়েছে। আসকের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ সালে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহরণ, গুম ও খুনের ঘটনার শিকার হন মোট ৯৭ জন। পরবর্তী সময়ে ১১ জনের লাশ উদ্ধার হয়, ২৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়, পরিবারের কাছে ফেরত এসেছে ৩ জন, বাকিদের হদিস মেলেনি। প্রসঙ্গত, ২০১৫ সালে অপহরণ, গুম ও খুনের ঘটনার শিকার হন ৫৫ জন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে তাদের ধরে নিয়ে যাওয়ার পর থেকে তারা গুম বা নিখোঁজ হয়েছেন।
এদিকে ক্রমবর্ধমান গুম ঠেকাতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের একটি গ্রুপ। ২০১৬ সালে কয়েকজন গুম হওয়ার কথিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৪ ফেব্রুয়ারি জেনেভায় এক বিবৃতিতে এ আহ্বান জানায় গ্রুপটি। গুমবিষয়ক জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ বলেছে, কয়েক বছর আগে বাংলাদেশে গুমের সংখ্যা কম থাকলেও এখন তা বাড়ছে। বর্তমানে গুমের ঘটনা ৪০ ছাড়িয়ে গেছে। সুনির্দিষ্টভাবে গুম হওয়ার ওই অভিযোগগুলো তদন্তেরও আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘের স্পেশাল রেপোর্টিয়ার নিলস মেলজার, মেইনা কিয়াই, অ্যাগনেস ক্যালামার্ড ও দিয়েগো গার্সিয়া-সাভান ওই আহ্বানকে সমর্থন করেন।
আসকের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক নূর খান লিটন আমাদের সময়কে বলেন, সামগ্রিকভাবে লক্ষ্য করেছি, মানুষ অপহৃত হচ্ছে। কোনো কোনো অপহরণকারী গ্রুপ টাকা দাবি করছে, কারো লাশ মিলছে, কেউ ছাড়া পাচ্ছে হাত-চোখ বাঁধা অবস্থায়। অপহরণের এসব ঘটনার কোনো কোনোটির সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সম্পৃক্ততাও পাওয়া যাচ্ছে। গেল কয়েক বছর এই গুম অপহরণের সংখ্যা এমন একটা পর্যায়ে পৌঁছেছে, যা স্বাভাবিক একটা গণতান্ত্রিক সমাজে ধারাবাহিকভাবে চলতে পারে না। এরা দায় রাষ্ট্রকেই নিতে হবে। রাষ্ট্রকেই খুঁজে বের করতে হবে এ ধরনের ঘটনার সঙ্গে কারা জড়িত। আসকের পক্ষ থেকে দাবি তোলা হয়েছিল, গুম অপহরণের ঘটনায় ভুক্তভোগী পরিবার ও প্রত্যক্ষদর্শীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব সদস্যের বিরুদ্ধে অভিযোগ তুলছে বা সন্দেহ করছে সে বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে বিচার বিভাগীয় একটি তদন্ত কমিশন গঠন করা হোক। যে কমিশন প্রতিটি ঘটনা তদন্ত করে দেখবেন এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার পরামর্শ দেবেন। কিন্তু এখনো তা বাস্তবায়িত হয়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের শিক্ষক সৈয়দ মাহফুজুল হক মারজান আমাদের সময়কে বলেন, বিশ্বে অপহরণপ্রবণ দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান ৭ নম্বর। ফলে রেশিও অনুযায়ী ধারণা করা যায়, গত কয়েক বছরে অপহরণের যে মাত্রা, তা অনেক বেড়েছে। বেশিরভাগ অপহরণের ঘটনায় অভিযোগ উঠছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কতিপয় সদস্যদের বিরুদ্ধে। আবার স্বার্থের দ্বন্দ্ব ও ব্যক্তিগত আক্রোশেও কিছু সন্ত্রাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পরিচয় ব্যবহার করে অপহরণকা- ঘটাচ্ছে। ফলে এ ধরনের অপরাধের ক্ষেত্রে মিশ্র পরিস্থিতি বিদ্যমান লক্ষ করা যাচ্ছে।
হঠাৎ গুম-অপহরণ বেড়ে যাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, আগে আমরা প্রায়ই দেখতাম কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটছে। এখন ধরা যায়, সেই পরিস্থিতি পরিবর্তন হয়ে গুম বা অপহরণের দিকে চলে গেছে। কারণ হলো, একটি গুমের ঘটনা ঘটলে কোনো পক্ষ দায় স্বীকার করে না। এ নিয়ে খুব একটা কথাও হয় না। এ ক্ষেত্রে জবাবদিহির পরিসরটা অনেকটাই সংকুচিত। তা ছাড়া একের পর এক অঘটনের কারণে গণমাধ্যমগুলোও একটি বিষয় নিয়ে বেশি দিন সরব থাকতে পারছে না। ফলে ধামাচাপা পড়ে যাচ্ছে পেছনের অধিকাংশ ঘটনাই। এই সুযোগকে ব্যবহার করা হচ্ছে। মোদ্দাকথা, র্যাব-পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে যে অভিযোগগুলো ওঠে আলটিমেটলি তারা যে সেসব ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়, ঠিক পথে আছেন তা প্রুফ করার দায়িত্ব তাদেরই। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, এ ধরনের ঘটনায় যৌক্তিক কোনো বিবৃতি আসছে না। রাজধানী থেকে একজন ব্রিটিশ নাগরিক অপহরণের ঘটনার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ওই ঘটনার এখন পর্যন্ত কোনো পরিষ্কার জবাব পাইনি আমরা। এ ছাড়া বিচারহীনতার সংস্কৃতি থেকেও এ ধরনের অপরাধ বাড়ছে। একটা ঘটনা ঘটিয়ে যখন কোনো অপরাধী পার পেয়ে যায় তখন তার পক্ষে ফের এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটানোই স্বাভাবিক।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার ডিসি মাসুদুর রহমান জানান, রাজধানীতে অপহরণের ঘটনা বেড়েছে এ ধরনের তথ্য আমাদের কাছে নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় বিভিন্ন সময়ে অপহরণকারীদের গ্রেপ্তার এবং অপহৃতদের উদ্ধার করা হচ্ছে। অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণে কার্পণ্য করা হচ্ছে না বলেও দাবি করেন তিনি।
জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারি বিকালে রাজধানীর হাজারিবাগের মনেশ্বর এলাকা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে গ্রামীণ ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার আবুল কাশেমকে একটি কালো রঙের মাইক্রোবাসে করে উঠিয়ে নিয়ে যায় সাদা পোষাকধারী কয়েকজন। নিখোঁজের দুই দিন পর গত শুক্রবার বিকালে সিলেটের আম্বরখানা এলাকার একটি রাস্তা থেকে তাকে হাত ও চোখ বাধা অবস্থায় উদ্ধার করেন তার স্বজনরা। এর মাঝে শ্রীমঙ্গলের গহীন একটি জঙ্গলে দুর্বৃত্তরা আবুল কাশেমসহ অপহৃত আরও দুই জনকে নির্মম নির্যাতন করে বলে গতকাল আমাদের সময়কে জানান সাবেক ওই ব্যাংকারের ভায়রা একরামুল হক খান। তবে আবুল কাশেমের মুক্তিতে কোনো পণ দিতে হয়েছে কিনা এ বিষয়ে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন তিনি।
এদিকে নিখোঁজের দুই দিন পর গত শুক্রবার সকালে গুলশান-১ এর ২/এ নম্বর সড়কের পাশের একটি লেক থেকে উদ্ধার করা হয় মেহেদী হাসান জাহিদ নামে এক যুবকের মরদেহ। তার স্ত্রী সুমী আক্তারের অভিযোগ, অপহরণের পর হত্যা করা হয়েছে তার স্বামীকে।
রাজধানীর আগারগাঁও থেকে অপহরণের তিন দিন পর গত ৪ নভেম্বর দুপুরে মানিকগঞ্জের ঘিওরে মেলে সিএ ফার্মের কর্মকর্তা মো. মোখলেসুর রহমানের অর্ধগলিত লাশ। ২৭ জুলাই ভোর রাতে ৪ লাখ টাকা মুক্তিপণের জন্য সোনারগাঁও ট্রাফিক সিগন্যালের পাশ থেকে অপহৃত হন ইস্কাটন লেডিস ক্লাবের পাচক রিয়াজুল ইসলাম। তার মুক্তিপণবাবদ স্বজনরা অপহরণকারীদের কিছু টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করলেও পরে নিউমার্কেট থানা এলাকা থেকে পাওয়া যায় রিয়াজুলের লাশ।
গত ২২ জানুয়ারি রাতে মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভিড়ের মাঝ থেকেই মিরপুর বাঙলা কলেজের শিক্ষার্থী সোহাগ হোসেনকে উঠিয়ে নিয়ে যায় ‘ডিবি পুলিশ’র পোশাক পড়া কয়েকজন। ৭ জানুয়ারি মিরপুর শাহআলী প্লাজা থেকে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে হাসান নামে এক দোকান কর্মচারীকে তুলে নেওয়া হয়। হাসানের পরিবারের অভিযোগ, এই ঘটনার সঙ্গে কাউন্টার টেরোরিজম ইউনিটে কর্মরত এক এসআই ও তার সোর্সরা জড়িত। ১৬ জানুয়ারি মধ্যরাতে খিলগাঁওয়ের শান্তিপুর এলাকা থেকে মুক্তিপণের দাবিতে অপহৃত এক নারীকে উদ্ধার করে পুলিশ। ১৫ অক্টোবর ভোর রাতে পুলিশের টহল গাড়ির সামনেই রাজধানীর সাইন্স ল্যাবরেটরি এলাকায় অপহৃত হন মো. ইকবাল মাহমুদ নামে এক চিকিৎসক। ডা. ইকবালকে অপহরণের সময় ঘটনাস্থলে থাকা গাড়িটি যে পুলিশের ছিল- অপহরণের তিন মাস পর আদালতে দেওয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খোদ পুলিশই। ওই চিকিৎসককে উদ্ধারে নিষ্ক্রিয়তা কেন কর্তব্যে অবহেলা হিসেবে গণ্য করা হবে না, তা জানতে চেয়ে রুলও দিয়েছে হাইকোর্ট।
২৯ সেপ্টেম্বর পল্লবীর পূরবী সিনেমা হলের পাশের জনবহুল রাস্তা থেকে ‘প্রশাসনের লোক’ পরিচয়ে সাদা মাইক্রোবাসে ফিল্মি স্টাইলে অপহরণ করা হয় চিকিৎসক ডা. রিয়াদ আহমেদ নাসের চৌধুরীকে। ১৬ মার্চ রাতে কচুক্ষেত এলাকা থেকে তথ্যপ্রযুক্তিবিদ তানভির হাসান জোহাকে অপহরণ করে দুটি মাইক্রোবাসে আসা কয়েকজন মুখোশধারী। গত ১৪ জুলাই রাজধানীর বনানী রেল স্টেশনের সামনে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে একটি মাইক্রোবাসে করে তুলে নেওয়া হয় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ইয়াসিন মো. আব্দুস সামাদকে।
এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা-সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অপহৃতদের স্বজনরা। ঘটনার তদন্ত সংশ্লিষ্টদের কাছে সিসিটিভি ক্যামেরার ফুটেজসহ নানা ধরনের তথ্য-উপাত্তও সরবরাহ করেছেন তারা। কিন্তু চোখ বাধা অবস্থায় ডা. রিয়াদ আহমেদ নাসের চৌধুরী ও অপ্রকিতস্থ ‘উদ্ভ্রান্ত’ অবস্থায় তথ্যপ্রযুক্তিবিদ জোহা ছাড়া অপহৃত অন্যদের খোঁজ মেলেনি এখন পর্যন্ত। জানা যায়নি তাদের ভাগ্যে কী ঘটেছে।
অপহরণের এসব ঘটনা ছাড়াও গত ২৫ অক্টোবর গুলিস্তান থেকে একটি মাইক্রোবাসে করে তুলে নেওয়া হয় যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জব্বারকে। রাজধানীর গেন্ডারিয়া থেকে অপহরণের পর গত ২৩ অক্টোবর নাটোরের সিংড়া থেকে উদ্ধার করা হয় ১০ বছরের ছেলে আরমানকে। ৯ অক্টোবর মিরপুরের কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে অপহৃত হন রিয়েল এস্টেট ব্যবসায়ী মো. বেলাল হোসেন। এরা ছাড়াও আরও বেশ কয়েকজন শিশু, নারী ও পুরুষ অপহৃত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।


























































