
০ কেন্দ্রীয় নেতার সামনে এমপি বাহার ও আফজল খান গ্রুপের বাকবিতন্ডা
ইমতিয়াজ আহমেদ জিতু ঃ
আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক একে এম এনামুল হক শামিম আ’লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর হুশিয়ারি দিয়ে বলেছেন, নৌকার সাথে কেউ বিশ্বাসঘাতকতা করলে ও কেউ নেত্রীর সিদ্ধান্ত অমান্য করলে তাদের আওয়ামীলীগ করার সুযোগ থাকবে না। যারা কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার পক্ষে ভূমিকা রাখবেন, তাদেরকে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সামনে যে কমিটি হতে যাচ্ছে তাতে তাদের পুরস্কৃত করা হবে।
বুধবার (১ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা ক্লাবে এনামুল হক শামীমের সামনে আফজল খান ও বাহার গ্রুপের নেতাকর্মীদের মধ্যে বাক বিতন্ডার পর আ’লীগের দু’গ্রুপের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
একে এম এনামুল হক শামিম আ’লীগের দু’গ্রুপের নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, কুমিল্লার রাজনীতিতে কার কি ভূমিকা, কে কি করছে আমাদের সব কিছু জানা আছে। আমরা নিজেদের অনেককে বাঘ সিংহ মনে করি। আওয়ামীলীগ ক্ষমতায় না থাকলে, শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে সবাই ইঁদুর। আপনাদের সবাইকে আমাদের চেনা আছে। শেখ হাসিনা থাকলে হিরো, শেখ হাসিনা না থাকলে দেশ ছেড়ে পালিয়ে যান। কুসিক নির্বাচনে শেখ হাসিনার প্রার্থী জেতাতে হবে এটা বড় কথা। ওমুক তুমক বলে লাভ নেই। নারায়ণগঞ্জে নৌকার বাইরে কেউ যায়নি। এখানেও একজন কর্মীও দলের বাইরে যাবে না। আমরা এখানে এক মাস থাকবো । এক মাসে কি আমরা ঘোড়ার ঘাস কাটবো ? কেন্দ্রীয় সব নেতারা এখানে আসবেন। এখানে একজন কর্মীও দলের বাইরে যাবে না। বাহার ভাই তো দলের বাইরে যাওয়ার প্রশ্নই আসে না। দলের মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করতে হবে।
উল্লেখ্য যে, কুমিল্লা এসে এনামুল হক শামীম কুমিল্লা ক্লাবে বিশ্রাম নিতে গেলে সেখানে কুমিল্লা জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আফজল খানের কন্যা ও আওয়ামীলীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা, তার ছোট ভাই নোমান খানের সাথে কুমিল্লা সদর আসনের সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের গ্রুপের নেতা কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ সহিদের কুমিল্লা অতীত ও বর্তমান রাজনীতি নিয়ে তীব্র বাকবিতন্ডা শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আবদুল্লাহ আল মাহমুদ সহিদ বলেন, গত সংসদ নির্বাচনে এমপি বাহার ভাইকে নেত্রী মনোনয়ন দিলেন, সীমার ভাই ইমরান খান কেন বিদ্রোহী প্রার্থী হলেন। কারণটা কি ? এ সময় মেয়র প্রার্থী সীমা জবাবে বলেন, নেত্রী মেয়র প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছেন, তাহলে বাহার চাচা (এমপি বাহার) কেন আমার বিরুদ্ধে। চাচা আমাকে নিজে বলেছেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এ সময় এনামুল হক শামিম উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন এবং পরে কঠোর হুশিয়ারি দিয়ে বক্তব্য রাখেন।
বুধবার (১ মার্চ) বিকালে এনামুল হক শামীমের নেতৃত্বে তিন সদস্যের একটি দল কুসিক নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সীমার পক্ষে কাজের পরিকল্পনা নির্ধারণসহ দলীয় অর্ন্তকোন্দল নিরসনের জন্য কুমিল্লায় আসেন। এই দলটিতে আওয়ামীলীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামিম ছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার আবদুস সবুর এবং সহ সম্পাদক সাইফ উদ্দিন নাছিম রয়েছেন। বিকেলে এসে প্রথমে এনামুল হক শামিম যান কুমিল্লা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে যান। সেখানে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি ও মহানগর আ’লীগ নেতা নূর উর রহমান মাহমুদ তানিম বক্তব্য রাখেন।

























































