মানবদেহের টিস্যুর অবিকল নকল তৈরি করা বেশ কঠিন। তা ব্যয়সাপেক্ষও বটে। কিন্তু কানাডার একজন বিজ্ঞানী বলছেন, টিস্যু তৈরির সহজ সমাধান খুঁজে পেয়েছেন। আপেল থেকে তৈরি করেছেন কান। অ্যান্ড্রু পেলিং বলেন, খুব সস্তাতে আপেল থেকে কান তৈরি করতে পেরেছি। এ থেকে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ তৈরি করা যায়। যেসব মানবদেহে প্রতিস্থাপন করাও সম্ভব।
আপেল থেকে কান তৈরির প্রক্রিয়া সম্বন্ধে তিনি বলেন, প্রথমে আপেলের ভেতরে অংশ মানুষের কানের মতো করে কেটে ফেলা হয়। এরপর ডিএনএ এবং সব কোষ সরিয়ে ফেলা হয়। পরে সেখানে মানুষের ডিএনএ ধারণ করার জন্য আপেলটিকে ল্যাবরেটরিতে তৈরি করা হয়। এরপর ইনকিউবেটরে মানবকোষ তৈরি হয় এবং সেখান থেকে তৈরি হয় মানুষের কান।
পেলিং বলছেন, পশুদেহের ওপর কৃত্রিম অঙ্গের পরীক্ষা চালিয়ে সাফল্য পাওয়া গিয়েছে। এখন মানুষের দেহের ওপর পরীক্ষা চালানোর পরিকল্পনা করা হচ্ছে। পরীক্ষা সফল হলে বিরাট সম্ভাবনার দুয়ার খুলে যাবে এবং প্রয়োজনমত কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ তৈরিও সম্ভব হবে বলে মনে করেন তিনি।


























































