পূর্বাশা ডেস্ক:
নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, প্রধামন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা থাকবে ও দেশের উন্নয়ন হবে। আমরা খাদ্য ঘাটতি পূরণ করে বর্তমানে খাদ্য, পোশাক ও জাহাজ রপ্তানি করছি। আর পাকিস্তানিরা রপ্তানি করছে জঙ্গি। এজন্যই পাকিস্তান হচ্ছে সন্ত্রাসী দেশ। আগামীতে বাংলাদেশ একটি উন্নত দেশ হবে। ২০৩০ সালের মধ্যে অর্থনৈতিকভাবে পৃথিবীতে যে ৩০টি দেশ শীর্ষে অবস্থান করবে বাংলাদেশ সেই অবস্থানে চলে যাবে। এটা এখন আন্তর্জাতিকভাবে বলা হচ্ছে।
শনিবার দুপুরে নগরীর শহীদ হাদিস পার্কে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন খুলনা বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
নৌ-পরিবহন মন্ত্রী বলেন, গ্রাম পুলিশ সদস্যদের মাদকের বিরুদ্ধে লড়াই করতে হবে। মাদক যুব সমাজের জীবনীশক্তি ধ্বংস করছে। যুব সমাজসহ আমাদের সকলকে মাদকের, জঙ্গির, বাল্যবিবাহ ও সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে।
তিনি বর্তমান সরকারকে শ্রম বান্ধব সরকার হিসাবে উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল শ্রেণি-পেশার মানুষের জন্যই দেশকে এগিয়ে নিয়ে চলেছেন। সকল শ্রেণি-পেশার মানুষের মজুরি বৃদ্ধি করা হয়েছে। বর্তমান সরকারের আমলে শ্রমিকের মজুরি সর্বনিম্ন পাঁচ হাজার ৩০০ টাকা করা হয়েছে। গ্রাম পুলিশদের ভাতা দ্বিগুণ করে বর্তমানে ৩০০০/৩৪০০টাকা করা হয়েছে। গ্রাম পুলিশদের সপ্তাহে একদিন থানায় হাজিরা দেয়ার জন্য যাতায়াত ও দৈনিক ভাতা তিনশ টাকার আদেশ ইতোমধ্যে জারি হয়েছে। তাদের বিভিন্ন দাবি-দাওয়ার প্রেক্ষিতে মন্ত্রী বলেন, এগুলো প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হবে। মন্ত্রী আধুনিক গ্রাম পুলিশ হিসেবে গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।























































