পূর্বাশা ডেস্ক:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিলে দলটির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার দুপুরে নওগাঁয় প্রয়াত আব্দুল জলিলের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় যোগ দিতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, মানি না মানবো না এ কথা বলে বিএনপির আর লাভ হবে না। শেষ পর্যন্ত তাদের নির্বাচনে আসতেই হবে। তারা নির্বাচনে না এলে আগামীতে বিএনপির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।
বর্তমান নির্বাচন কমিশন শক্তিশালী, স্বাধীন ও নিরপেক্ষ আখ্যায়িত তিনি বলেন, বর্তমান কমিশনের অধীনে সব নির্বাচনই স্বাধীন ও নিরপেক্ষ হবে। ইতোমধ্যেই কমিশনের সদস্যরা তা প্রমাণ করেছেন।
নওগাঁয় এসে শুরুতেই তিনি প্রয়াত নেতা আব্দুল জলিলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন। এ সময় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক এমপি, খায়রুজ্জামান লিটন, শহীদুজ্জামান সরকার এমপি, সাধন চন্দ্র মজুমদার এমপি, সলিম উদ্দিন তরফদার এমপিসহ স্থানীয় অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।























































