ডেস্ক রিপোর্টঃ
তেঁতুলিয়ায় মহানন্দা নদীর উজানে ভারত বাঁধ নির্মাণ করে পানি প্রত্যাহার করায় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার পশ্চিমে বাংলাদেশ-ভারত সীমান্তকে বিভক্ত করেছে মহানন্দা নদী। উপজেলার ছোট-বড় নদ-নদী ভারত থেকে প্রবাহিত হয়ে তেঁতুলিয়ার বুক চিরে বয়ে গেছে ভাটিতে। এগুলোর মধ্যে নেপালের হিমালয় পর্বত থেকে মহানন্দা এবং ভারত সীমান্ত থেকে ডাহুক, করতোয়া ও চাওয়াই নদী বয়ে চলেছে বাংলাদেশে। কিন্তু নদ-নদীর উজানে ভারত আন্তর্জাতিক সংযুক্ত নদী কমিশন চুক্তি (ভারত, বাংলাদেশ, নেপাল ও চীন) শর্তাবলি লঙ্ঘন করে বাঁধ নির্মাণ করেছে। এতে শুষ্ক মওসুমে ভাটিতে বাংলাদেশের নদ-নদীগুলোতে পানি শুকিয়ে গেছে। বড় নদীগুলোতে পানিপ্রবাহ না থাকায় তিরনই নদী, গবরা নদী, বেরং নদী, ভেরসা নদীর বুকে চর জেগে মরা খালে পরিণত হয়েছে।
১৯৯০ সালের শুরুর দিকে মহানন্দা নদীর উজানে শিলিগুড়ির ফুলবাড়িতে বাঁধ দিয়ে নদীর গতিপথ পরিবর্তন করা হয়। ফলে বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়া সদরের পুরনো বাজার পর্যন্ত বাংলাদেশের প্রায় ৪০ কিলোমিটার সীমানা ঘেঁষে প্রবাহিত খরস্রোতা মহানন্দা নদীর বুকে ধু ধু বালুর চর জেগে উঠেছে। একইভাবে ডাহুক নদীর উজানে ভারত রায়গঞ্জে স্লুইস গেট নির্মাণ করায় নদীটি বর্তমানে মরে গেছে। অনুরূপভাবে ভারতের রায়গঞ্জ মদনবাড়ী ও ভদ্রেশ্বর সাও নদীর মিলনস্থলে উজানে বাঁধ নির্মাণ করে পানিপ্রবাহ ঘুরিয়ে দেয়া হয়েছে। তেঁতুলিয়ার ভজনপুর-ভদ্রেশ্বর দিয়ে প্রবাহিত হয়ে ভারত-বাংলাদেশ সীমানা ঘেঁষে পঞ্চগড় শহরের বুক চিরে বয়ে গেছে। ওই বাঁধের কারণে নদীটিতে পানি শুকিয়ে ধু ধু বালুর চর জেগেছে। একইভাবে চাওয়াই নদীর উজানে স্লুইস গেট নির্মাণের কারণে নদীতে পানি নেই। ফলে নদ-নদীগুলোতে দেশীয় প্রজাতির মাছ, ব্যাঙ ছোট-বড় জলজ প্রাণীগুলো বিলীন হয়ে গেছে। এসব নদ-নদীতে প্রয়োজনীয় পানিপ্রবাহ না থাকায় আশপাশের ফসলের জমি ও অনাবাদি হয়ে পড়ছে। পানির স্তর মাত্রারিক্ত নিচে নামার কারণে জমিতে সেচ দেয়ার জন্য কৃষকদের অগভীর নলকূপ এবং বসতবাড়ির সাধারণ নলকূলগুলোতে পানি ওঠে না। সঠিক পানিপ্রবাহ না থাকায় বিদ্যুৎচালিত মোটরপাম্পগুলোও পুড়ে যাচ্ছে। প্রাকৃতিক পরিবেশে ঘূর্ণিঝড়, খরা, নতুন পোকামাকড় ও রোগবালাইয়ের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। পাশাপাশি গাছপালা ও প্রাকৃতিক পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে।
আবার বর্ষা মওসুমে ভারত মাঝে মধ্যে সবগুলো নদ-নদীর স্লুইস গেট একসাথে খুলে দেয়ায় নদীর ভাটির অঞ্চলে ফসলের ক্ষেতসহ বাড়িঘর বন্যায় প্লাবিত হয়। ফলে সাধারণ মানুষ অর্থনৈতিক ক্ষতিসহ নানা হয়রানির শিকার হয়। এক পরিসংখ্যানে জানা গেছে, ভারত অভিন্ন ৫৪টি নদীর মধ্যে ৩৮টির উজানে ড্যাম, ব্যারাজ ও গ্রোয়েন নির্মাণ করেছে।
উপজেলা মৎস্য অফিসার-সানী খান মজলিস বলেন, নদ-নদীতে সঠিক পানিপ্রবাহ না থাকায় মাছের স্বাভাবিক বিচরণ বিঘিœত ও বিলীন হচ্ছে। মাছের আবাসস্থল, মা মাছ, ডিমওয়ালা মাছের পরিমাণও কমে যাচ্ছে। মলা, টেংরা, বাতাসি, শিং, পাবদা, গুলশা, সরপুঁটি, শোল, গজার, টাকি, বাইম, গুচি, তারাবাইন মাছ বিপন্ন অবস্থায় পড়েছে। এ ছাড়া রিটা, পাবদা, শিল, বাচা, ঘাউড়াজাতীয় কিছু প্রতাজিতার মাছ নিশ্চিহ্ন হওয়ার পথে।
তবে সুশীলসমাজ ও পরিবেশবিদেরা মনে করেন, প্রাকৃতিক জীববৈচিত্র্য হুমকির হাত থেকে রক্ষার এবং নদীর গতিপথ সচল রাখতে সরকারকে প্রতিবেশী দেশের সাথে আলোচনা করে ন্যায্য হিস্যাপ্রাপ্তির ব্যাপারে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেয়া উচিত।


























































