ডেস্ক রিপোর্টঃ
ভারতে আগামী মাসে সফরে যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া শেখ হাসিনা। এই সফর নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো নীরব আছে। তবে দুয়েকটি পত্রিকায় কিছু সংবাদ আসছে। এখন পর্যন্ত ভারত ও বাংলাদেশি কিছু সংবাদমাধ্যমের বরাতে যা জানা যাচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ১. বাংলাদেশের বহু কাঙ্খিত তিস্তা চুক্তি হচ্ছে না। কোনোই সম্ভাবনা নেই। ভারতীয় পত্রিকা হিন্দুস্তান টাইমসই তা বলেছে। ২. গত কিছুদিন ধরে অনিশ্চয়তায় থাকা ভারত-বাংলাদেশ প্রতিরক্ষা চুক্তি হচ্ছে। এর অর্থ হল, বাংলাদেশ সেনাবাহিনীর ওপর ভারতীয় খবরদারি মোটামুটি প্রতিষ্ঠিত হবে। ভারত থেকে নিম্মমানের অস্ত্র কিনতে হবে। ভারত নিজে বিদেশ থেকে অস্ত্র আমদানি করে। আর তারাই আবার সেই অস্ত্রগুলি ব্যবহার শেষে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে বিক্রি করবে। ৩. দৈনিক যুগান্তর খবর দিয়েছে রাশিয়ার সাথে রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে ভারতও যোগ দিচ্ছে। ভারত এখন বাংলাদেশের প্রায় সব প্রান্তে কৌশলগত বিভিন্ন প্রকল্প নিয়ন্ত্রণ করবে। সোনাদিয়া বন্দর নির্মাণ করবে, রামপাল বিদ্যুৎকেন্দ্র করবে, রূপপুর প্রকল্পে থাকবে, অস্ত্র বিক্রির মাধ্যমে ভেতরেও ঢুকবে। পুর্বাঞ্চলে ট্রানজিটের মাধ্যমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। ভারত দীর্ঘ মেয়াদে বাংলাদেশকে আষ্টেপৃষ্ঠে বাঁধছে। তার প্রক্রিয়াই হাসিনার মাধ্যমে সম্পন্ন করে নিতে চায় উগ্রপন্থী বিজেপির নেতা মোদির সরকার।
যুগান্তরের আজকের (৭ মার্চ) “রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে যোগ হচ্ছে ভারত” শিরোনামের প্রতিবেদন অনুযায়ী, পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরকালে এ চুক্তি সই হতে পারে। এ ছাড়া বাংলাদেশের আণবিক শক্তি কমিশনের সঙ্গেও ভারতের সংশ্লিষ্ট কমিশনের আলাদা চুক্তি হবে। এ দুই চুক্তির মাধ্যমে মূলত রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পে যুক্ত হচ্ছে ভারত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ এপ্রিল চার দিনের সফরে ভারত যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে তিনি এ সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরের সময় ভারতের রাষ্ট্রপতি ভবনে উঠবেন। দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আমন্ত্রণে তিনি সেখানে থাকবেন।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে দু’দেশের মধ্যে প্রায় দুই ডজন চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট এক কর্মকর্তা রোববার যুগান্তরকে বলেন, ‘আমরা ৪০টি চুক্তি টেবিলে নিয়ে কাজ করছি। এর মধ্যে যেসব বিষয়ে চুক্তি চূড়ান্ত করা সম্ভব হবে সেগুলো সই হবে। আমরা আশা করছি, ২০ থেকে ৩০টির মধ্যে যে কোনো সংখ্যক চুক্তি সই করতে পারব।’
সূত্র জানায়, এবারের সফরে রুশ সহায়তায় রূপপুরে যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে তার সঙ্গে সংশ্লিষ্ট দুটি চুক্তি সই হবে। এর একটি হল- পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং অপরটি আণবিক শক্তি কমিশনের সঙ্গে ভারতের সংশ্লিষ্ট কমিশনের মধ্যে সহযোগিতা সংক্রান্ত আলাদা চুক্তি। চুক্তিগুলোর অধীনে বাংলাদেশী কর্মকর্তারা ভারতে প্রশিক্ষণ নেয়াসহ কারিগরি নানা সহায়তা পাবেন। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার যেসব সহায়তা পাওয়া যাবে, ভারতের সঙ্গে চুক্তির ফলে সহায়তা হবে তার অতিরিক্ত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের ভারত সফরকালেও তিস্তার পানি বণ্টন চুক্তি সই হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তির কারণে তিস্তা চুক্তি সই হচ্ছে না। এ ছাড়াও গঙ্গা ব্যারাজ প্রকল্পে ভারতের সহায়তা নেয়ার বিষয়ে দু’দেশের মধ্যে আলোচনা চলছে। তবে এখনই এ ব্যাপারে কোনো চুক্তি হবে কি-না তা নিশ্চিত নয়।
২০১০ সালের জানুয়ারির পর প্রধানমন্ত্রীর এটাই প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় ভারত সফর। এর আগে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির মৃত্যুতে তার শেষকৃত্য অনুষ্ঠানে দিল্লি গিয়েছিলেন শেখ হাসিনা। এ ছাড়াও ব্রিকস-বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে গোয়ায় যান প্রধানমন্ত্রী। তবে এগুলো দ্বিপক্ষীয় সফর ছিল না। অপরদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৫ সালের জুনে বাংলাদেশ সফর করেন।
সূত্র-বিডিটুডে


























































