সোহরাওয়ার্দী উদ্যান ও শিশু পার্কের যে জায়গায় এখন গাছে গাছে সবুজ কুঁড়ি উঁকি দিচ্ছে, একাত্তরে সেখানেই অঙ্কুরিত হয়েছিল আজকের বাংলাদেশের বীজ। তারিখটি ছিল ৭ মার্চ। বিকেল সোয়া ৩টায় হাজির হয়েছিলেন সাদা পাঞ্জাবি আর কালো কোর্ট পরা সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। লাখো বাঙালির সমাবেশে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘ঘরে ঘরে দুর্গ গড়ে তোল। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ রমনার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু সেদিন মাত্র ২০ মিনিটের এ ভাষণেই সাড়ে ৭ কোটি বাঙালির প্রাণের কথা বলে দিয়েছিলেন। অকুতোভয় বাঙালিরা তার আহ্বানে সাড়া দিয়েই স্বাধীনতা ছিনিয়ে আনে। ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনারা রেসকোর্সের এ মাঠেই আত্মসমর্পণ করে। স্বাধীনতার অন্যতম নির্দেশন সেই রমনার রেসকোর্স মাঠ এখন জিয়া শিশু পার্ক এবং সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত। অথচ এ প্রজন্মের অনেকেই জানেন না ঐতিহাসিক এ স্থানটির কথা।
শিশু পার্কে বেড়াতে আসা শেরেবাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী লামিয়া জানে না এর আগের নাম। ৭ মার্চের ভাষণ শুনলেও এখানেই সেই ঐতিহাসিক ভাষণ দেয়া হয়েছিল এবং পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছিল তা তার জানা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থী মতিউর রহমান সোহরাওয়ার্দী উদ্যানে ঘুরতে এসে প্রথমবারের মতো ঐতিহাসিক এ স্থানটির কথা শুনে কিছুটা অবাক হন। তিনি বলেন, বর্তমান অবস্থা দেখে কারো পক্ষেই বোঝা সম্ভব নয়, ঐতিহাসিক সেই রেসকোর্স ময়দানই এটি।
এক সময়ের গুরুত্বপূর্ণ ও রাজনৈতিক সমাবেশেকেন্দ্র রমনা রেসকোর্স ময়দান ১৯৭৫ সালের পর সবুজঘেরা পার্কে পরিণত করা হয়। পার্কের এক পাশে শিশুদের জন্য একটি বিনোদনকেন্দ্র শিশু পার্ক এবং সোহরাওয়ার্দী উদ্যান গড়ে তোলা হয়।
বাংলাপিডিয়ায় বলা হয়েছে, শাহবাগের জিয়া শিশু পার্ক এবং সোহরাওয়ার্দী উদ্যান মুঘল আমলে বাগ-ই-বাদশাহী নামের এই এলাকাটি এক সময় রমনা রেসকোর্স হিসেবে পরিচিত ছিল। ১৮২৫ সালে ঢাকার ব্রিটিশ কালেক্টর মি. ডয়েস ঢাকা নগরীর উন্নয়নে কতগুলো বিশেষ পদক্ষেপ নেন। তিনি রমনার জঙ্গল পরিষ্কার করে এলাকাটি রেসকোর্স হিসেবে ব্যবহারের জন্য কাঠের বেড়া দিয়ে ঘিরে ফেলেন। তখন ঢাকার নবাবদের পৃষ্ঠপোষকতায় এ দেশে ঘোড়দৌড় জনপ্রিয় হয়ে ওঠে।
১৯৬৯ সালে শেখ মুজিবুর রহমান জেল থেকে মুক্তি পাওয়ার পর রমনা রেসকোর্স ময়দানে তাকে এক নাগরিক সংবর্ধনায় ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়। ১৯৭১ সালের ৩ জানুয়ারি আওয়ামী লীগ রমনা রেসকোর্সে এক মহাসমাবেশের আয়োজন করে। সমাবেশে জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী আওয়ামী লীগের নির্বাচিত এমপিরা প্রকাশ্যভাবে জনসভায় শপথগ্রহণ করেন যে, কোনো অবস্থাতেই এমনকি পাকিস্তানের সামরিক শাসকদের চাপের মুখেও বাংলার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা তারা করবেন না।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার রমনা রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনী ৯৩ হাজার সৈন্যসহ আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩১ মিনিটে পাকিস্তানি জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজী আত্মসমর্পণের দলিলে সই করেন। এর মাধ্যমে ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের অবসান হয়। ৩০ লাখ শহীদের প্রাণের বিনিময়ে প্রতিষ্ঠিত হয় বাঙালি জাতির প্রথম স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ।
১৯৭২ সালের ১৭ মার্চ এখানেই অনুষ্ঠিত এক জনসভায় শেখ মুজিবুর রহমান এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্ধিরা গান্ধী ভাষণ দেন।
স্থানটিকে ঘিরে স্বাধীনতা-সংক্রান্ত যেসব ঐতিহাসিক ঘটনা ঘটেছে, সেগুলো স্মরণীয় করে রাখার জন্য ১৯৯৫ সালে স্বাধীনতার রজতজয়ন্তীতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়স্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১৯৯৯ সালে এখানে ‘শিখা চিরন্তনী’ স্থাপন করা হয়। ওই সময় এর পাশেই নতুন প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার জন্য দীর্ঘ দেয়ালে পোড়া মাটির ম্যুরালে বাংলার ইতিহাস, ভূগর্ভস্থ জাদুঘর এবং পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করার স্থানে স্বাধীনতা টাওয়ার গড়ে তোলা হয়েছে।























































