পূর্বাশা স্পের্টস ডেস্ক:
ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে পেনাল্টিতে গোল করায় ক্রিস্টিয়ানো রোনালদোকে স্পর্শ করলেন লিওনেল মেসি। ইউরোপ সেরা এ আসরে বুধবার প্যারিস সেইন্ট জার্মেই’র (পিএসজি) বিপক্ষে ৫০ মিনিটে পেনাল্টিতে গোল করেন বার্সেলোনার স্ট্রাইকার মেসি। নেইমারকে প্রতিপক্ষের বিপদসীমায় ফেলে দেয়ায় পেনাল্টি পায় বার্সেলোনা। শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচটি শেষ পর্যন্ত বার্সেলোনা জেতে ৬-১ গোলে। ওই গোলের মাধ্যমে রিয়াল মাদ্রিদের তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে স্পর্শ করেন আর্জেন্টাইন স্ট্রাইকার মেসি।
ইউরোপ সেরা এ আসরে ১১ পেনাল্টি গোল নিয়ে এতদিন সবার ওপরে ছিলেন রোনালদো। কিন্তু পেনাল্টিতে এখন মেসির গোলও সমান। বার্সেলোনার ১২ বছরের ক্যারিয়ারে তিনি নতুন এই রেকর্ডের ভাগিদার হলেন। এছাড়া চ্যাম্পিয়ন্স লীগের নকআউট পর্বে এটি মেসির ৩৭তম গোল। নকআউটে তারচেয়ে বেশি গোল আছেন একমাত্র ক্রিস্টিয়ানো রোনালদোর (৪৪)। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লীগে সর্বকালের সর্বাধিক গোলের তালিকায় রোনালদোর আরো কাছে চলে গেছেন মেসি। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে এ পর্যন্ত ১৩৪ ম্যাচে সর্বোচ্চ ৯৫ গোল করেছেন রোনালদো। ১১৩ ম্যাচে তার চেয়ে মাত্র এক গোল কম নিয়ে দ্বিতীয় স্থানে মেসি।

























































