বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গোলাপী শাড়ি পড়া স্কুলগামী দাদীদের গল্প


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

প্রতিদিন সন্ধ্যায় ফাংগানে গ্রামের দাদীরা গোলাপী শাড়ি পরে বের হন। সঙ্গে থাকে ব্যাগ। তার মধ্যে চক আর বোর্ড। মনে করছেন নাতি-নাতনিদের স্কুলে বা কোচিংয়ে নিয়ে যাচ্ছেন এসব দাদীরা। ঘটনা কিন্তু মোটেই তা নয়, তারা নিজেরাই যাচ্ছেন পড়তে।

এই গ্রামটি ভারতের মহারাষ্ট্রে অবস্থিত। এই রাজ্যে পুরুষের তুলনায় ৩০ গুণ কম শিক্ষিত নারীরা। ফলে নারীদের শিক্ষিত করার উদ্যোগের অংশ হিসেবে বয়স্ক এসব দাদিরাও এখন পড়তে শুরু করেছেন। এসব নারীদের কেউ কেউ ঠিকমতো বর্ণও দেখতে পান না, কেউ কেউ কথা বলার সময় বুকে ব্যথা অনুভব করেন। তবে বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের প্রতিটি দিনই হাজির হন তাদের অর্ধেক বয়সী শিক্ষকের কাছে পড়তে। এ বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে স্কুলটির এক বছর পূর্ণ হয়েছে।

স্কুলের এক শিক্ষার্থী দিনমজুরের মেয়ে ৯০ বছরের আশুয়া দেশমুখ। ১০ বছরেই তার বিয়ে হয়েছিল। নিজের জীবন নিয়ে তিনি বলেন, স্লেট ও বই কেনার কোনও অর্থ ছিল না, কাপড় কেনার মতোও টাকা-পয়সা ছিল। আমি মাঝে মাঝে স্কুলে যেতাম। কিন্তু আমি প্রায়ই অসুস্থ হয়ে পড়তাম। ফলে আমাকে স্কুলে পাঠানো বন্ধ করে দেওয়া হয়।

শেষ বয়সে এসে তিনি এই স্কুলে পড়া শুরু করে এখন নিজের নাম স্বাক্ষর করতে পারেন। স্বরবর্ণ গুলো পাঠ করতে এবং ২১ পর্যন্ত গণনা পারেন।

স্কুলটি প্রতিষ্ঠা করেছেন ৪১ বছরের যোগেন্দ্র বাঙ্গার। স্থানীয়ভাবে প্রতিবছর ১৭শ’ শতকের রাজা ছত্রপতি শিবাজি মহারাজের জীবন উৎসবের সঙ্গেই পালন করা হয়। বয়স্ক নারীরা যোগেন্দ্রকে বলেছিলেন, তারা যদি পড়তে পারতেন তাহলে শিবাজী মহারাজ সম্পর্কে জানতে পারতেন। এরপরই যোগেন্দ্র বয়স্ক নারীদের জন্য এই স্কুল প্রতিষ্ঠা করেন।

যোগেন্দ্র বলেন, এটা বলা হয়ে থাকে যে নারী দিবসে নারীদের শ্রদ্ধা করতে হয়। ফলে আমরা চিন্তা করলাম আমাদের দাদিরা যে সম্মান পাওয়ার কথা অথচ পাননি, তা আমাদের দেওয়া উচিত।

যোগেন্দ্র আরও বলেন, আমাদের দাদিদের প্রজন্মের মানুষেরা স্কুলে পড়ার মতো সুযোগ ও পরিস্থিতি ছিল না। যদি একজন নারী শিক্ষিত হন তাহলে পুরো বাড়িই শিক্ষিত হয়, কারণ তিনি বাড়িতে জ্ঞান ও আলো নিয়ে যান।

স্কুল একটি দাতব্য কর্মসূচির মাধ্যমে এসব দাদিদের জন্য শাড়ি ও শিক্ষা উপকরণ সংগ্রহ করেন এবং শ্রেণিকক্ষের ব্যবস্থা করেছেন।

রামাভাই গণপথকে হাতধরে স্কুলে নিয়ে যায় তার নাতি-নাতনিরা। তিনি বলেন, খুব ভালোলাগে। আমরা স্কুলে যেতে পছন্দ করি। আমরা নিজেদের ব্যাগ নিয়ে যাই এবং সব দাদীরা এক সঙ্গে যাই। খুব ভালো করে শিখতে পারায় আমরা খুব গর্ববোধ করি।

হাসতে হাসতে তিনি বলেন, আমাদের এখন বই আছে কিন্তু সত্যিকার অর্থে আমরা তা পড়তে পারি না। কারণ এই বয়সে এসে চোখ দিয়ে পুরোপুরি আমরা দেখ পাই না।

রামাভাই বলেন, আমরা যখন মারা যাব আর ঈশ্বর আমাদের কাছে জানতে চাইবেন জীবনে কী করেছ? তখন তাকে বলব, আমরা বেশি কিছু করতে পারিনি। তবে আমরা স্কুলে গিয়েছি এবং নিজেদের নাম স্বাক্ষর করা শিখেছি।

তার ভাষায়, আমি স্কুলে আসা পছন্দ করি। এতে পুরো দিনটা স্বার্থক মনে হয়।

৩০ বছরের শিক্ষক শিতল মোরে এখানে বিনামূল্যে শিক্ষাদান করেন। তার শাশুড়িও এই স্কুলের একজন শিক্ষার্থী। গত ১ বছরে স্কুলের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে ৬০-৯০ বছরের তিনজন যুক্ত হয়েছেন। ফলে এখন স্কুলটির শিক্ষার্থীর সংখ্যা ৩০ জন। আন্তর্জাতিক নারী দিবসে উৎসবের সঙ্গে স্কুলটির এক বছর পূর্তি পালন করা হয়েছে।

স্কুল পড়ুয়া এসব দাদীরা এখনও শিক্ষিত হয়ে ওঠতে পারেননি। অনেকেই অভিযোগ করেন, তাদের যা পড়ানো হয় তা মনে রাখা খুব কঠিন। তবু এখন তারা টিপসইয়ের পরিবর্তে নিজেদের নাম স্বাক্ষর করতে পারেন। এটাই বা কম কিসে!



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি