শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘নিজেকে মনে হয়েছে মুক্তিযোদ্ধা ’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ছোট পর্দায় এই সময়ের আলোচিত ও ব্যস্ত অভিনয়শিল্পী মাজনুন মিজান। তার অভিনীত চলচ্চিত্র ‘ভুবন মাঝি’ মুক্তি পেয়েছে কিছুদিন হলো। সেখানে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।

চলচ্চিত্রটি নিয়ে মিজান ঢাকাটাইমসে বলেন, ‘একজন মুক্তিযোদ্ধার কাহিনি অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। যত দিন ছবিটির শুটিং হয়, নিজেকে আমার একজন মুক্তিযোদ্ধা মনে হয়েছে। চরিত্রটি করতে তাই কোনো সমস্যা হয়নি। মিজান নামের চরিত্রটি রাজনৈতিক সচেতন থাকে। মুক্তিযুদ্ধ এলে সে ঝাঁপিয়ে পড়ে। এমন একটি চরিত্রে অভিনয় করেছি আমি। ছবিটি মুক্তির পর অনেক ভালো সাড়া পেয়েছি, অনেকেই প্রশংসা করেছে। এটি ছিল আমার ছয় নম্বর সিনেমা।’

এখনকার ব্যস্ততা নিয়ে মিজান বলেন, ‘এখন “ভুবন মাঝি”র ক্যাম্পেইন নিয়ে ব্যস্ত রয়েছি। ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় ছবিটি বিকল্প প্রদর্শনীতে মুক্তি দিয়েছি আমরা। তাই ছবিটির প্রদর্শন নিয়ে ব্যস্ত সময় পার করছি এখন। এ ছাড়া বিভিন্ন ধরাবাহিকে কাজ করছি।’

সম্প্রতি মিজান একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। এ নিয়ে তিনি বলেন, ‘সম্প্রতি তপু খানের একটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছি। প্রথমে যখন বেলাল খানের এই গানের মিউজিক ভিডিও অফার করে ছোট ভাই ও বন্ধু তপু খান, তখন আমি বলি আমি তো মডেল নই। তারা জানায়, এটা একটি স্টোরি নির্ভর স্ক্রিপ্ট। এতে একজন অভিনেতাই দরকার। পরে আমি তাতে কাজ করি। আসলে মিউজিক ভিডিওতে আমি অভিনয়ই করেছি।’

ভুবন মাঝি মুক্তি নিয়ে কিছু ঝামেলা হয়েছিল শুনেছিলাম, এখন কী অবস্থা? জানতে চাইলে মিজান বলেন, ‘সিনেমাটি কাকরাইল ছবি পাড়ার মানুষের চক্রান্তের স্বীকার হয়েছিল। কিন্তু মানুষের ভালোবাসায় এখন আবার ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। তরুণরাই ছবিটি দেখে প্রশংসা করছে, ফলে নতুনরা আবার ছবিটি দেখতে আসছে। এভাবে ছবিটির প্রচারণা বাড়ছে। তাদের চক্রান্ত কোনো কাজে আসেনি। কাকরাইল পাড়ার মানুষের মাঝে একটি ধারণা হচ্ছে এই ধরনের অনুদান ও মুক্তিযুদ্ধের ছবি সাধারণত ব্যবসা সফল হয় না। তাদের সে ভুল ভেঙ্গে গেছে। প্রথমে বলাকা সিনেমা হল ছবিটি নেয়নি। এখন তারা আবার প্রদর্শন করতে চাচ্ছে। ঢাকার বাইরে আমরা প্রদর্শন করছি। সব জায়গায় হাউজফুল হচ্ছে। কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, স্পেনে মুক্তি পেতে যাচ্ছে। ’

এখন মিজান অভিনীত চারটি ধারবাহিক বিভিন্ন টিভি চ্যানেলে চলছে। এছাড়া বেশ কয়েকটি সিরিয়ালের কাজ করছেন তিনি। সাইফ চন্দনের ‘সানগ্লাস’, দেশের নতুন টেলিভিশন এ টিভির জন্য ভারতীয় এক পরিচালকের ‘ছোট বউ’, অঞ্জন আইচের ‘নীল নির্বাসন’ ও রুলীন রহমানের একটি সিরিয়ালে অভিনয় করছেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি