শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এন্টিবায়োটিকের ক্ষমতা ফুরিয়ে আসছে!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৩.২০১৭

পূর্বাশা  ডেস্ক:

ফুরিয়ে আসছে এন্টিবায়োটিকের ক্ষমতা। ফলে ব্যাকটেরিয়া মোকাবেলায় নতুন নতুন এন্টিবায়োটিক আবিষ্কারের ওপর জোর দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কর্মকর্তারা বলছেন, ব্যাকটেরিয়া প্রতিরোধে বর্তমানের বহু এন্টিবায়োটিকই এখন আর কাজ করছে না। তাই নতুন এন্টিবায়োটিকের আবিষ্কার খুবই জরুরি হয়ে পড়েছে।

জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা ডাব্লিউএইচও এরকম ১২টি ব্যাকটেরিয়া পরিবারের তালিকা প্রকাশ করেছে। মানবদেহে রোগের সৃষ্টি করতে পারে এমন ১২টি জীবাণুকে অগ্রাধিকার দিয়েছে সংস্থাটি।

ডাব্লিউএইচও’র কর্মকর্তারা বলছেন, বর্তমানে এসব জীবাণু এন্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠেছে। ফলে এসব জীবাণু মানবস্বাস্থ্যের জন্যে বড় রকমের হুমকি হয়ে দাঁড়িয়েছে।

জাতিসংঘের উদ্ভাবন বিষয়ক সহকারী মহাপরিচালক ম্যারি পল কিয়েনি, নতুন নতুন এন্টিবায়োটিক আবিষ্কারের লক্ষ্যে গবেষণার জন্যে অর্থ বিনিয়োগের ব্যাপারে সব দেশের সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

বলা হচ্ছে, ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলি শুধুমাত্র সেসব এন্টিবায়োটিকই উৎপাদন করতে আগ্রহী বাজারে যেগুলোর চাহিদা আছে এবং এসব বিক্রি করে তারা প্রচুর মুনাফা অর্জন করতে পারে। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে এখন আর বাজারে এন্টিবায়োটিকের চাহিদা অনুসারে এই ওষুধ উৎপাদন করলে চলবে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি