ডেস্ক রিপোর্টঃ
টিভি পর্দায় এ মুহূর্তে বেশ ব্যস্ত জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। খ- ও ধারাবাহিক নাটকে নিয়মিত কাজ করছেন তিনি। এরই ধারাবাহিকতায় সমপ্রতি আসছে ঈদের নাটকের কাজও শুরু করে দিয়েছেন এ অভিনেত্রী। সাখাওয়াত মানিকের পরিচালনায় দুটি নাটকে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। এগুলো হলো- ‘মনবাস’ ও ‘নীল বসন্ত’। গাজীপুরের ভাওয়াল উদ্যানে নাটক দুটির দৃশ্যায়ন হয়েছে। ‘মনবাস’-এ মৌসুমীর সহশিল্পী হিসেবে আছেন অপূর্ব এবং ‘নীল বসন্ত’-এ ইমন।
এ প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, খ- নাটক যা-ই করছি সবই খুব সম্ভবত ঈদের প্রস্তুতি হিসেবে নির্মাণ হচ্ছে। তাই ঠিক বলা যাবে না এ দুই নাটক দিয়েই ঈদের নাটকের কাজ শুরু করেছি। ভাওয়াল উদ্যানে নির্মিত এ নাটক দুটোর গল্প দারুণ। সহশিল্পী হিসেবেও রয়েছেন আমার দুই প্রিয় অভিনেতা। তাদের সঙ্গে এর আগেও অনেক অভিনয় করেছি। বলতে পারি পরিপূর্ণ একটি টিমওয়ার্ক ছিল। আশা করছি দর্শক ভালোভাবেই গ্রহণ করবেন।
এছাড়া গেল মাসে জাহিদ হাসানের বিপরীতে ‘বকেয়া মজিদ’ নামের আরো একটি খ- নাটকের শুটিং শেষ করেছেন মৌসুমী হামিদ। যা নির্মাণ করেছেন তারেক মিয়াজি। ঈদের নাটকের পাশাপাশি কিছুদিন আগে ‘যেতে হবে বহুদূর’ শিরোনামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ শেষ করেছেন মৌসুমী হামিদ। এ প্রসঙ্গে তিনি বলেন, এটি আমাদের বাস্তব জীবনে ঘটে যাওয়া নানা ঘটনার মধ্য থেকে নেয়া একটি গল্প। দর্শকের জন্য কিছু ম্যাসেজ রয়েছে।
আশা করছি ভালো লাগবে। বোরহান খানের পরিচালনায় এ স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রে মৌসুমী হামিদ ছাড়া আরো অভিনয় করেছেন ফারুক, আল জাবীর ও ডলি। এ মুহূর্তে ‘সিনেমাটিক’, ‘বৃষ্টিদের বাড়ি’, ‘অলসপুর’, ‘সংসার’, ‘গাঁয়ে মানে না আপনি মোড়ল’ ও ‘লাইফ ইন এ মেট্রো’ শিরোনামের ধারাবাহিকগুলোর কাজ করছেন মৌসুমী। পাশাপাশি চলতি মাসেই তার নতুন ছবি ‘কয়লা’র কাজ শুরুর কথা রয়েছে। এটি পরিচালনায় থাকছেন সুমন আনোয়ার। আর ছবিটিতে নায়ক হিসেবে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে।


























































