পূর্বাশা ডেস্ক:
ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এবং যুক্তরাষ্ট্রের কাছে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ২০০১ সালের নিবার্চনে বিএনপি ক্ষমতায় এসেছিল প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের তীব্র প্রতিবাদও জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য আমাদের হতবাক করেছে। তিনি এত বড় দায়িত্বজ্ঞানহীন উক্তি করতে পারেন তা আমাদের চিন্তারও বাইরে। ‘ভারতের প্রতিনিধি হাওয়া ভবনেই বসে থাকতো’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যেও প্রতিবাদ জানান মির্জা ফখরুল । এ সময় প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, তিস্তা চুক্তি ছাড়া কোন চুক্তি হলে তা জনগণ মেনে নেবে না।
সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সাংবাদিক সম্মেলনে তিনি এসব বলেন।
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী শনিবার বলেছেন, ২০০১ সালের নির্বাচনের পূর্বে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এবং যুক্তরাষ্ট্রের কাছে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছিল। তাহলে প্রধানমন্ত্রী কিভাবে ক্ষমতায় এসেছিলেন। কার কাছে মুচলেকা দিয়েছিলেন?
তিনি বলেন, জনগণের ধারণা আছে যে, ২০১৪ সালের নির্বাচনের সময় ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসলেন। তিনি সব জায়গায় দৌড়ালেন। এরশাদ সাহেবের কাছে গেলেন। তাকে নির্বাচনের জন্য রাজি করালেন। তাহলে কি মানুষ এটাই ভাববে যে ২০১৪ সালের নির্বাচনে ভারতের ‘র’ এর ভুমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ?
বিএনপি মহাসচিব বলেন, আমরা কখনোই দেশের স্বার্থবিরোধী কোনো কাজ করিনি। গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে নাকি বিএনপি ক্ষমতায় এসেছিল। প্রধানমন্ত্রীর মতো দায়িত্বশীল ব্যক্তির এমন মন্তব্যে এ কথা তিনি পরিস্কার করে দিয়েছেন যে, এদেশে তাহলে বিদেশীরা অবস্থান করছে। তারা বিভিন্ন ভাবে কাজ করছে এবং সরকার পরিবর্তনশীলতার সাথে সম্পৃক্ত রয়েছেন। প্রধানমন্ত্রীর মুখ থেকে এ ধরণের উক্তি দেশ ও জাতির জন্যে কতটা মঙ্গলজনক হবে তা সহজেই অনুমেয়।
আসলে প্রধানমন্ত্রী রাজনৈতিক স্বার্থে অবলীলায় মিথ্যাচার করেন এমন্তব্য করে মহাসচিব বলেন, এরফলে জাতি আরো বিভক্ত হয়। অথচ দেশের সঙ্কট মোকাবিলায় ও অথনৈতিক উন্নয়নে জাতিকে ঐক্যবদ্ধ করা দরকার। তার উচিৎ ভেবে চিন্তে মন্তব্য করা। দেখেন আজ পর্যন্ত যত বক্তব্য তিনি দিয়েছেন, তার মতো কিন্তু দায়িত্বজ্ঞানহীন বক্তব্য আমরা দেইনি।
তিনি বলেন, লোকজন বলে খোদ প্রধানমন্ত্রীর বাসভবনে নাকি লোকজন বসে থাকে, বাইরের লোকজন। কারা বসে থাকে আমরা জানি না। এর ব্যাখ্যা তো তার দেয়া উচিৎ। সুতরাং প্রধানমন্ত্রীর উচিত হবে দেশের মানুষের কথা, আন্তর্জাতিক স্বার্থের কথা এবং যেটা বলা উচিৎ সেই কথা বলা।
প্রধানমন্ত্রীর আসন্ন ভারত প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ভারতের সাথে বিভিন্ন নদীর পানি চুক্তি ছাড়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী চুক্তি হলে জনগণ মেনে নিবে না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আগামী মাসের ৮ তারিখে ভারতে যাবেন। আমরা আশা করছি তিনি তিস্তা পানি বন্টন চুক্তি করবেন। তবে দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব বিরোধী কোনো চুক্তি করলে দেশের জনগণ মানবে না।
তিনি আরো বলেন, বিএনপি দেশের জন্য সব করেছে কিন্তু কখনো দেশের স্বার্থ বিরোধী কোনো সিদ্ধান্ত নেয়নি।
এরআগে ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের কর্মসূচি নিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে দলের যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শহিদ উদ্দিন চৌধুরী এনি, রুহুল কদ্দুস তালুকদার দুলু, বিলকিস জাহান শিরিন, শামা ওবায়েদ, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সাইফুল ইসলাম ফিরোজ সহ বিএনপি অঙ্গসংগঠনের সিনিয়র নেতাকর্মীবৃন্দ।























































