রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শততম টেস্টে জয়ের খোঁজে বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক: কলম্বোর পি সারা ওভালে তিনটি টেস্ট ম্যাচ খেলে তিনটিতেই ইনিংস ব্যবধানে হারার ইতিহাস রয়েছে বাংলাদেশের। তার উপর এই ভেন্যুতেই বাংলাদেশের একটি বাজে রেকর্ড রয়েছে। সেটি হচ্ছে টেস্ট ম্যাচে এক ইনিংসে বাংলাদেশের সর্বনিম্ন রানের রেকর্ডটি হয়েছিল এখানেই। ২০০৭ সালে এখানে টেস্ট ম্যাচ খেলতে নেমে ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ৬২ রানে অলআউট হয়ে গিয়েছিল বাংলাদেশ।

সেই ভেন্যুতেই আবার টেস্ট ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। সেটি আবার নতুন মাইলফলস ছোঁয়ার টেস্ট। কারণ, বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামলে এটি হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ১০০তম টেস্ট। এই ম্যাচকে ঘিরে আবার দুই বোর্ডের পক্ষ থেকে রয়েছে নানা আয়োজন।

কাল ম্যাচ শুরুর আগে আলাদা কিছু আনুষ্ঠানিকতা থাকবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট উপস্থিত থাকবেন। এই টেস্ট উপলক্ষ্যে মুশফিকুর রহিমরা পাবেন নীল রঙের ব্লেজার। তাছাড়া শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বাংলাদেশ দলের খেলোয়াড়দের দেয়া হবে ম্যাডেল।

কলম্বো টেস্টে প্রতিদিন খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটা থেকে। গল টেস্টের শেষদিন ১০ উইকেট হারিয়ে ম্যাচে হেরে যায় বাংলাদেশ। তাই দুই ম্যাচ টেস্ট সিরিজে এখন ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। তবে, কলম্বো টেস্টে মুশফিকুর রহিমরা জয় চান। কারণ, শততম ম্যাচটি ভালো ফলাফলের মাধ্যমেই উদযাপন করতে চান টাইগাররা।

এই ম্যাচকে সামনে রেখে খেলোয়াড়দের মধ্যেও বাড়তি উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। কিন্তু একাদশে থেকে এই ম্যাচের সাক্ষী হয়ে থাকতে পারবেন না মাহমুদউল্লাহ রিয়াদ ও মুমিনুল হক। তাদের দুইজনের জায়গায় একাদশে দেখা যেতে পারে ইমরুল কায়েস ও সাব্বির রহমানকে। গতকালই জানা গিয়েছিল যে মাহমুদউল্লাহ রিয়াদ একাদশে থাকছেন না। আর আজ জানা যায়, মুমিনুল হকও একাদশে থাকছেন না।

বলা হচ্ছে, কলম্বোর উইকেট ব্যাটিং সহায়ক হবে। ম্যাচের প্রথমদিন বাউন্স পাবেন পেসাররা। আর শেষ দুইদিন টার্ন পাবেন স্পিনাররা। আর আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, ম্যাচের প্রতিদিন বিকালে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শততম টেস্টের আগে টাইগার দলপতি মুশফিকুর রহিম বলেছেন, গল টেস্টে আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিতে পারিনি। কিন্তু এখানে আমরা সামর্থ্যের সবটুকু ঢেলে দিয়ে ফলাফল নিজেদের পক্ষে আনতে চাই। দলের অন্য সবার লক্ষ্যও সেটিই।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন সৈকত, মুশফিকুর রহিম (অধিনায়ক, উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

শ্রীলঙ্কা একাদশ (সম্ভাব্য): দিমুথ করুণারত্নে, উপুল থারাঙ্গা, কুসল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, আসেলা গুনারত্নে, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ (অধিনায়ক), সুরঙ্গা লাকমল, লাহিরু কুমারা, লক্ষণ সান্দাকান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি