শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ইডেনের ছাত্রী পুতুল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী মাহমুদ সাতক্ষীরায় গ্রেফতার


ইডেনের ছাত্রী পুতুল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী মাহমুদ সাতক্ষীরায় গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ঢাকা ইডেন কলেজের ছাত্রী শরীফা বেগম পুতুলকে (২২) জবাই করে হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামী মাহমুদুল আলম শিকদারকে (৩৩) সাতক্ষীরা বাস স্ট্যান্ড থেকে গ্রেফতার করেছেন খুলনা র‌্যাব -৬ এর একটি দল। সোমবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতারকৃত মাহমুদুল আলম শিকদার বাগেরহাট জেলার মোল্লার হাট থানার উদয়পুর দৈবকান্দি গ্রামের মৃত শামসুল আলম শিকদারের ছেলে। তাকে খুলনা র‌্যাব হেড কোয়ার্টারে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে খুলনা র‌্যাব ৬ এর লবনচরা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট এ এম এম জাহিদুল কবীর, (এল) বিএন দৈনিক ইনকিলাবকে জানান, ঢাকা ইডেন কলেজের ইতিহাস বিভাগের ৩য় বর্ষের (সম্মান) মেধাবী ছাত্রী ছিলেন, শরীফা বেগম পুতুল। ২০১৩ সালের ১০ মে মাহমুদুল আলম শিকদারের সাথে পুতুলের বিয়ে হয়। হাতের মেহেদির রঙ না শুকাতেই তিন দিনের মধ্যে ১৩ মে মধ্যরাতে অত্যন্ত সুপরিকল্পিতভাবে পুতুলকে নৃশংসভাবে জবাই করে হত্যা করে স্বামী। বিষয়টি দেশব্যাপী চাঞ্চল্য ও আলোড়ন সৃষ্টি করে। মোল্লার হাটের জনসাধারণ ও ইডেন কলেজের ছাত্রীরা সে সময় মানববন্ধন ও সড়ক অবরোধ করে হত্যাকারী স্বামীর ফাঁসির দাবী জানান। এ ঘটনায় মোল্লারহাট থানায় ২০১৩ সালের ১৪ মে ৩০২ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত কলেজ ছাত্রী পুতুলের পিতা। মামলা নং-৮। এই মামলায় জামিনে থাকা অবস্থায় পলাতক ছিলেন আসামী। তার অনুপস্থিতিতে ২০১৬ সালের ১২ মে বাগেরহাটের জেলা ও দায়রা জজ আদালত আসামী মাহমুদুল আলমকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। এরপর থেকে আসামী মাহমুদুল আলম শিকদারকে ধরার জন্য র‌্যাব নিরলসভাবে কাজ করতে থাকে। অবশেষে সাতক্ষীরা থেকে সে গ্রেফতার হলো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি