শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রেলমন্ত্রীকে বরণ করতে ৭০ লাখ টাকা বরাদ্দ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রাজশাহী-খুলনা রুটে চলাচলকারী কপোতাক্ষ ট্রেনে নতুন বগির উদ্বোধন করতে আগামী রবিবার (১৯ মার্চ) রাজশাহী যাচ্ছেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক।। রেলমন্ত্রীকে বরণ ও রাজশাহী রেলস্টেশনে পরিচ্ছন্নতা কাজের জন্য প্রায় ৭০ লাখ টাকা বরাদ্দ করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ।

সরে জমিনে দেখা যায়, ঝকঝকে-তকতকে করে সাজানো হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশন। রেলস্টেশন কমপ্লেক্স ঘিরে পুরোদমে চলছে পরিস্কার-পরিচ্ছন্নতা। দম ফেলার ফুরসত নেই শ্রমিকদের। কেউ প্লাটফর্মে, কেউ কাউন্টারের সামনে কেউবা দেয়ালে দেয়ালে কাজ করছেন। গত এক সপ্তাহ ধরেই চলছে এরকম তোড়জোড়। শুধু স্টেশনই নয়, হঠাৎ বদলে গেছে রেলভবনও। নতুন রঙের ঝিলিক লেগেছে গোটা রেলেই। আর এতসব হঠাৎ করা হচ্ছে রেলপথ মন্ত্রী আসছেন তাই।

জানা গেছে, গেল ডিসেম্বরে রেলের মহাপরিচালক আমজাদ হোসেন রাজশাহী সফরে আসেন। তখনও বেশ কয়েক লাখ টাকা খরচ দেখিয়ে রেলভবনসহ স্টেশন চত্ত্বর দৃষ্টিনন্দন করে সাজানো হয়। মাত্র ৩ মাস পরই ফের বিপুল পরিমাণ টাকা খরচ করে ফের পরিচ্ছন্ন কাজ করছে কর্তৃপক্ষ। এবাবের এই পরিচ্ছন্নতা কাজ বিনা টেন্ডারেই চলছে বলে জানা গেছে।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান ব্রেকিংনিউজকে বলেন, ‘বিনা টেন্ডারে যেভাবে কাজ করা হচ্ছে তার উদ্দেশ্য যে ভাল নয়, তা সবাই বুঝতে পারছেন। কিন্তু ক্ষমতার দাপটের কারণে কেউ প্রতিবাদ করছে না।’

তিনি বলেন, ‘মন্ত্রী সফরে এলেই লাখ লাখ টাকার খরচ করে ভবন রং আর পরিস্কার করা লাগে কেন? সময় মতো স্বাভাবিক নিয়মে এসব করলে অপচয় অনেক কম হবে।’

পশ্চিম রেলের একটি সূত্র জানায়, রাজশাহী-খুলনা রুটে চলাচলকারী কপোতাক্ষ ট্রেনে নতুন বগি লাগানো হচ্ছে। এগুলো ভারত থেকে আমদানি করেছে সরকার। এরই মধ্যে বগিগুলোতে রঙের কাজও শেষ হয়েছে। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। আগামী রবিবার এই ট্রেনে বগি উদ্বোধন করবেন রেলমন্ত্রী মুজিবুল হক।

পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী রমজান আলী ব্রেকিংনিউজকে বলেন, ‘স্টেশন কমপ্লেক্স ২০০৬ সালে নির্মাণ করা হয়। এরপর থেকে আর রং করা হয় নি। মন্ত্রী মহোদয়ের আগমন উপলক্ষে রঙের কাজটি করা হচ্ছে। এ জন্য ১০ লাখ টাকার কাজ হচ্ছে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি