পূর্বাশা ডেস্ক:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামে দুই সন্তানের জননী রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূর নাম মানছুরা আক্তার। সে নাঙ্গলকোট পৌর এলাকার হরিপুর গ্রামের মৃত জাকের হোসেনের মেয়ে। গতকাল শুক্রবার সকালে নাঙ্গলকোট থানা পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় রেখেছে। তার লাশ আগামীকাল শনিবার ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, প্রায় ১০ বছর আগে উপজেলার তুলাগাঁও গ্রামের আবদুল মতিনের ছেলে সালা উদ্দিনের সাথে হরিপুর গ্রামের জাকের হোসেনের মেয়ে মানছুরার পারিবারিকভাবে বিয়ে হয়। গত ২-ত বছর আগ থেকে প্রতিবেশী এক চাচাতো বোনের সাথে পরকীয়া প্রেমে জড়ায় সালাউদ্দিন। এ নিয়ে অনেকদিন ধরে তাদের পারিবারিক কলহ চলে আসছে। একপর্যায়ে বৃহস্পতিবার রাতে তাদের (স্বামী-স্ত্রীর) মাঝে ঝড়গা হয়। পরে সকালে সালাউদ্দিন ও তার পরিবারের লোকজন মানছুরা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে প্রতিবেশীদের জানায়। এলাকার লোকজন এসে ঘরের সিলিংয়ের সাথে মানছুরার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন শেষে মানছুরার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে মানছুরার পরিবারের অভিযোগ তাকে হত্যার পর তার লাশ গলায় উড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। যেন আত্মহত্যা করেছে বলে চালিয়ে দেয়া যায়। এ ঘটনার সন্দেহভাজন সালাউদ্দিন (মানছুরার স্বামী) পলাতক রয়েছে।
এ ব্যাপারে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ূব বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি আত্মহত্যার ঘটনা বলে মনে হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ও তদন্তের পর সঠিক ঘটনা উদঘাটিত হবে।


















































