বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে বেশ আগেই। তবে নির্বাচন কবে হবে, তা এতদিন অজানা ছিল সবার। অবশেষে ঠিক হয়েছে বিওএর ভোটের দিনক্ষণ। আগামী ৮ এপ্রিল অনুষ্ঠিত হবে দেশের ক্রীড়ার অন্যতম এ অভিভাবক সংস্থাটির নির্বাচন।
এ নির্বাচনের জন্য গঠিত কমিশনের প্রধান বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান জানিয়েছেন, ‘৮ এপ্রিল নির্বাচন আয়োজনের কথা জানিয়ে ইতোমধ্যেই আমি বিওএ কে চিঠি দিয়েছি।’
বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেছেন, ‘নির্বাচন কমিশনের প্রধান যেভাবে সিডিউল দিয়েছেন সেভাবেই হবে। আমরা শনিবার নির্বাহী কমিটি সভা করে নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি নেবো। ২০ মার্চ এ নির্বাচনের জন্য কাউন্সিলরের তালিকা পাঠিয়ে দেবো কমিশনের কাছে। বৃহস্পতিবার ছিল বিওএর সাধারণ সদস্য ফেডারেশন ও সংস্থাগুলোর কাউন্সিলরের তালিকা প্রদানের শেষ দিন। যে নামগুলো আমরা পেয়েছি তা পাঠিয়ে দিবো কমিশনে। বাকি প্রক্রিয়াগুলো দেখবে নির্বাচন কমিশন।’
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১২ সালের ২৯ নভেম্বর। সে হিসেবে ২০১৬ সালের ২৮ নভেম্বর শেষ হয়ে যাওয়ার কথা চার বছরের কমিটির মেয়াদ। তবে এ নিয়ে মতভেদ আছে। কারো কারো মতে, বিওএর প্রথম নির্বাহী কমিটির সভার দিন থেকেই শুরু হবে মেয়াদকাল। সে হিসেবেও কমিটির মেয়াদ শেষ হয়েছে আগেই। বিওএর বর্তমান কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল ২০১৩ সালের ২২ জানুয়ারি।

























































