পূর্বাশা ডেস্ক:
নগরীর সীতাকুণ্ডের আমিরাবাদের জঙ্গি আস্তানা থেকে গ্রেফতার হওয়া জঙ্গি দম্পতি বোন জামাইয়ের হাত ধরেই জঙ্গিবাদে জড়িয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোয়েন্দাদের জানিয়েছে জহিরুল ইসলাম জসিম ও রাজিয়া সুলতানা দম্পতি।
তারা জানিয়েছেন, প্রেমতলার জঙ্গি আস্তানায় নিহত জোবায়দা জহিরুলের বোন এবং কামাল বোন জামাই। আর নিহত শিশুটিও তাদের ভাগ্নি। অপর ২ যুবকের সম্পর্কেও তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তথ্য দিয়েছেন। শনিবার জহিরুল-রাজিয়া দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য পৃথক দুটি মামলায় ১২ দিনের রিমান্ডে নেয় সীতাকুণ্ড থানা পুলিশ। রিমান্ডে নেয়ার আগে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করেন।
গোয়েন্দা সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া দম্পতির কাছ থেকে জঙ্গিবাদে জড়িয়ে পড়ার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে জড়িতদের চিহ্নিত করার চেষ্ট চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের বাড়ি বান্দরবানের নাইক্ষংছড়ির বাইশারি এলাকায়। রাজিয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য এবং তারা ১৫-২০ বছর ধরে বান্দরবানে বসবাস করছেন।
























































