শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রতিশোধের উদ্দেশ্যেই আত্মঘাতী হামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:
হঠাৎ করে জঙ্গি সংগঠনগুলো আত্মঘাতী হামলা চালাচ্ছে। ২০০৫ সালে জেএমবি দেশে একের পর এক আত্মঘাতী হামলা চালায়। দশ বছর ধরে আত্মঘাতী হামলা বন্ধ থাকলেও শুক্রবার র‍্যাবের ব্যারাকে আত্মঘাতী হামলা আইন-শৃঙ্খলা বাহিনীকে ভাবিয়ে তুলেছে। জঙ্গিদের এই কার্যক্রম বেড়ে যাওয়া ঠেকাতে আগামী ১৯ মার্চ পর্যন্ত সারাদেশে জঙ্গি বিরোধী অভিযান চালাবে পুলিশ। নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ ইত্তেফাককে বলেন, আন্তর্জাতিক অঙ্গনের মতো বাংলাদেশেও জঙ্গিরা অস্তিত্ব সংকটে ভুগছে। এ কারণে তারা তাদের অস্তিত্বকে জানানোর জন্য এলিট ফোর্স র‍্যাবের ওপর আত্মঘাতী হামলা চালিয়েছে। জঙ্গিদের কার্যক্রম ঝিমিয়ে পড়লে ও সদস্য সংগ্রহ স্তিমিত হলে তারা আত্মঘাতী হামলার দিকে ধাবিত হয়। এটা থেকে তারা তাদের মনোবল চাঙ্গা করার একটা কৌশল হিসাবে বেছে নিয়েছে।
সরকারের একটি গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তা ধারণা করছেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত হুজির মুফতি আব্দুল হান্নান, আনসার আল ইসলামের জসিমুদ্দীন রাহমানী, রেদোয়ান আজাদ রানা, আল্লাহর দলের মতিন মেহেদীসহ প্রায় ২৮ জঙ্গি এখন কনডেম সেলে রয়েছে। আদালতের ডেথরেফারেন্সে শুনানির পর তাদের আইনগত নির্দেশনা কার্যকর হবে। এ কারণে ফাঁসি নস্যাৎ করার জন্যই জঙ্গিদের একটি গ্রুপ আত্মঘাতী হামলা চালাচ্ছে। গত ৬ মার্চ গাজীপুরের বোর্ড বাজারে ২১ জঙ্গিকে বহনকারী প্রিজন ভ্যানে হামলার ঘটনাটি ছিল মুফতি হান্নানকে ছিনিয়ে নেয়ার পরিকল্পনা।
ঐ কর্মকর্তা আরো বলেন, ‘জঙ্গিদের কাজ হল, তারা যেটা করার সিদ্ধান্ত নেয় সেটা করেই। এখন তারা আত্মঘাতী সিদ্ধান্তে রয়েছে। সফল হোক আর না হোক, সেটা তারা করবেই। জঙ্গিদের এসব অবস্থা পর্যবেক্ষণ করে আমরা ব্যবস্থা নিচ্ছি।’
গোয়েন্দা সংস্থার একটি সূত্র জানায়, পুরুষ আত্মঘাতী ইউনিটের পাশাপাশি নারী সুইসাইডাল স্কোয়াড ভয়ঙ্কর আকার ধারণ করেছে। জেএমবি’র শতাধিক নারী সদস্য এখন আত্মঘাতী হামলা চালানোর প্রস্তুতি নিয়েছে। এরই অংশ হিসাবে সীতাকুণ্ডে ছায়ানীড় বাড়িতে তারা একটি পরিবারসহ এই পরিকল্পনা নিয়েছিল।
জেএমবি’র জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী ধরা পড়লেও তার স্ত্রী মাহমুদা এখন আটক হয়নি। গোয়েন্দারা বলছেন, জেএমবির মাহমুদা বেগমের নেতৃত্বে নারী আত্মঘাতী দল উত্তরাঞ্চলের কোন একটি জেলায় আত্মগোপন করেছে। যে কোন সময়ে তারা আত্মঘাতী হামলা চালাতে পারে। টাঙ্গাইল থেকে রাজীব গান্ধীকে গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদে তার স্ত্রী সম্পর্কে এমনই তথ্য দিয়েছে। রাজীব গান্ধী বলেছে, তার স্ত্রী ইসলামের পথে নিজেকে শহীদ বলে উৎসর্গ করেছেন। সময় সুযোগ পেলে এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে তার স্ত্রীর নেতৃত্বে আরো অন্তত ১০ জন নারী শহীদ হবেন। তাদের দলে রয়েছে প্রায় একশ’ নারী সদস্য। এরা অন্য নারীদেরকে জেএমবি’র দলে ভেড়ানোর চেষ্টা করছেন।
বিভিন্ন অভিযানে জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, বোমা ও অস্ত্র উদ্ধার হলেও এদের গডফাদারদের নাম শনাক্ত হচ্ছে না। তারা কার নির্দেশে হামলা চালাচ্ছে- সেটিও থাকছে অজানা। আইন-শৃঙ্খলা বাহিনী থেকে বলা হচ্ছে, জঙ্গিরা নিজেদের ফ্ল্যাট বিক্রি, চাকরির বেতনের টাকা ও তিলে তিলে সঞ্চয় করা স্ত্রীর গচ্ছিত টাকা দিয়ে তাদের কার্যক্রম চালাচ্ছে। দল থেকে চাঁদা হিসাবে সংগ্রহ করা টাকাও জঙ্গিদের ফান্ডে জমা হচ্ছে। আর তা দিয়েই তারা দেশে জঙ্গিদের ভয়ঙ্কর নেটওয়ার্ক গড়ে তুলছে। একেকটি অভিযান শেষ হওয়ার পর আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, ‘জঙ্গিদের নেটওয়ার্ক তছনছ হয়ে গেছে। তারা আর মাথা তুলে দাঁড়াতে পারবে না।’ অথচ সময় যেতে না যেতেই জঙ্গিরা আবারও হামলা চালায়।
এ প্রসঙ্গে পুলিশের আইজি একেএম শহীদুল হক ইত্তেফাককে বলেন, ‘দেশে জঙ্গি আছে। তারা নিষ্ক্রিয় হয়নি। তাদের কার্যক্রম প্রকাশের চেষ্টা করছে। কিন্তু পুলিশ বসে নেই। তারা মাথাচাড়া দিয়ে উঠলে আমরা ছাড় দেব না। তারা যে ধরনের হামলার জন্য প্রস্তুতিই নিক না কেন- আমরা প্রতিরোধ করে তাদের সমূলে উত্পাটন করব।’
র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান ইত্তেফাককে বলেন, ‘র‍্যাবের ওপর হামলা চালালে  মিডিয়ায় কাভারেজ আসতে পারে, এটা ভেবেই তারা হামলা চালিয়েছে। আগে র‍্যাব শুনলেই জঙ্গিরা ভয় পেতো, এখন কেন নয়- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা ঠিক নয়। র‍্যাব তার জঙ্গি বিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।’


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি