শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জঙ্গিরা আত্মঘাতী হামলায় ঝুঁকছে ,কম খরচে সফলতা বেশি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

অন্য যে কোন ধরণের হামলার চেয়ে আত্মঘাতীয় হামলায় অস্ত্রশস্ত্র কম লাগে। আর মৃত্যু হয় মাত্র একজন জঙ্গির। তাই প্রতিকূল পরিস্থিতিতে জঙ্গিরা আত্মঘাতী হামলার পথ বেছে নিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর আগে হলি আর্টিজান ও শোলাকিয়া হামলায় বেশ কয়েকজন প্রশিক্ষিত জঙ্গি নিহত হয়েছিলো। তাই শক্তিক্ষয় কমিয়ে আনতে এবার আত্মঘাতী হামলার কৌশল নিয়েছে জঙ্গিরা।

নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক সেনা কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বলেছেন, জঙ্গিরা নতুন কৌশল তথা হাই স্কেলের কৌশল অবলম্বন করে নিজেদের অবস্থান স্পষ্ট করার চেষ্ট করছে। তারা এখন ‘মিনিমাম ইউজ, ম্যাক্সিমাম ডেভিডেন্ট’ কৌশল অবলম্বন করছে।

জঙ্গিদের আত্মঘাতীপ্রবণ কৌশল অবলম্বন বিষয়ে  সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।

হলি আর্টিজান বেকারিতে হামলার পর আইনশৃঙ্খলা বাহিনী বেশ কিছু অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু সম্প্রতি সীতাকুন্ডের, আশকোনায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে ও খিলগাঁওয়ের তল্লাশি চৌকিতে আত্মঘাতী হামলা নিয়ন্ত্রণ পরিস্থিতি অন্যদিকে মোড় ঘুরিয়ে দিয়েছে। এই আত্মঘাতী হামলার মধ্য দিয়ে জঙ্গিরা কী নতুন কোন বার্তা দিতে চাচ্ছে?

প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন বলেন, নিশ্চয়ই তারা কিছু বার্তা দিচ্ছে। প্রথমত, জঙ্গি বিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী স্বক্রিয় হয়ে কাজ করেছে। অভিযানে জঙ্গিবাদ নির্মূল না হলেও অনেকটা নিয়ন্ত্রণে নেয়া সম্ভব হয়েছিলো। এরমধ্যেও জঙ্গিরা যে আবার সংগঠিত হতে পারে এটাই তাদের প্রথম বার্তা।

দ্বিতীয়ত, জঙ্গিরা তাদের অপারেশনের পর্যায় অনেক ওপরে নিয়ে গেছে। আর সেটা হচ্ছে আত্মঘাতী হামলা। বাংলাদেশে আত্মঘাতী হামলা এই প্রথম নয়। এর আগে ২০০৫ সালে এরকম আত্মঘাতী হামলা করেছিলো জেএমবি। কিন্তু একের পর এক আত্মঘাতী হামলা বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন আতঙ্ক। যা জঙ্গিদের নতুন বার্তা।

জঙ্গিরা তাদের কৌশলগত পরিবর্তনের অভাস দিচ্ছে উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, টেরোরিজমের স্কেলগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় তারা হাই স্কেলের পথ অবলম্বন করছে। যেখানে নূন্যতম শক্তি ব্যবহারে সর্বোচ্চ সফলতা পাওয়া যায় এমন কৌশল হিসেবে আত্মঘাতী হামলা করাচ্ছে।

তিনি বলেন, সম্প্রতি যে দুটি হামলা হয়েছে এটা যদি হালকা চোখে দেখা হয় তাহলে ভুল হবে। আহত চারজনের পরিচয় কী সেটা দেখতে হবে। তারা হচ্ছে এলিট ফোর্স। এলিট ফোর্সের ওপরে যখন হামলা হয় তখন বিশেষ করে পুলিশ, আনসার, বিজিবিসহ সিভিল ফোর্সের ওপরে মনস্তাত্বিক চাপ বাড়ে। হামলাকারীরা আইএস কি আইএস নয়, সেটি পরের বিষয়। মূল কথা হলো এই আত্মঘাতী হামলা দিয়ে তারা আন্তর্জাতিক প্রোপাগান্ডা পেলো।

পর পর হামলা কী পরিকল্পিতভাবে, নাকি বিচ্ছিনভাবে করা হচ্ছে?

প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এই ঘটনাগুলোকে বিচ্ছিন্ন বলে মনে করি না। কারণ, এগুলো তাদেরই পরিকল্পনার একটা অংশ। পরপর দুইটি আত্মঘাতী হামলা বা হামলার চেষ্টা স্থান নির্ধারণ, পরিকল্পনা হঠাৎ করেই তৈরি হয় নি। এ ব্যাপারে আমি নিশ্চিত।

আত্মঘাতী হামলা চালিয়ে যাওয়ার জন্য জঙ্গিদের কাছে কত সদস্য আছে বলে আপনি মনে করেন?

‘জঙ্গিদের সদস্য সংখ্যা নিয়ে সঠিক কোন পরিসংখ্যান আছে কিনা তা আমার জানা নেই। বড় কথা হচ্ছে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য খুব বেশি সদস্যের দরকার নেই। ২শ’ থেকে ৩শ’ সদস্য দিয়েই বাংলাদেশকে তারা আতঙ্কের মধ্যে ফেলে দিতে পারে। তাদের পক্ষে আরও কম সদস্য দিয়েও আতঙ্ক তৈরি করা অসম্ভব নয়।’

সূত্রে : বিবিসি বাংলা ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি