পূর্বাশা ডেস্ক:
এপ্রিলে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সফরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে চুলচেরা বিশ্লেষণ। সব আলোচনায় উঠে আসছে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্ভাব্য সামরিক চুক্তির বিষয়টি। আলোচিত ও রাজনীতিতে ঝড় তোলা ভারতের সঙ্গে সম্ভাব্য ‘সামরিক বা প্রতিরক্ষা’ চুক্তি কিংবা স্মারক যাই হোক না কেন তার পক্ষেই মত দিয়েছেন সাবেক তিন সেনাপ্রধান, যাদের একজন ছিলেন সেনাশাসক।
সামান্য কিছু ক্ষেত্রে পর্যবেক্ষণে ফারাক থাকলেও মূলত বৃহৎ প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির চূড়ান্ত বিরোধীতার কিছু দেখছেন না তারা।
সম্ভাব্য এই সামরিক চুক্তির ব্যাপারে শনিবার সন্ধ্যায় পরিবর্তন ডটকমের সঙ্গে টেলিফোনে কথা হয় তিন সাবেক সেনা প্রধানের সঙ্গে।
ভারতের সঙ্গে সম্ভাব্য সামরিক সমঝোতা স্মারক বা চুক্তি বিষয়ে সাবেক সেনাপ্রধান কে এম শফিউল্লাহ পরিবর্তন ডটকমকে বলেন, চুক্তিটি নিজের থেকে উদ্যোগী হয়ে গিয়ে করাটা ঠিক হবে না। তাতে আমাদের দুর্বলতা প্রকাশ পাবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলের এই সেনাপ্রধান আরো বলেন, ‘তবে চুক্তি কোনো খারাপ জিনিস না। তারা (ভারত) যদি উপলব্ধি করে থাকে যে আমাদের সঙ্গে একটা সামরিক চুক্তি করা উচিত তাহলে খারাপ হবে না।’
‘দেখতে হবে যেই চুক্তিটা করতে যাচ্ছি তাতে আমাদের লাভ হবে নাকি ক্ষতি হবে। তা দেখেই চুক্তিটি করতে হবে,’ মন্তব্য করেন সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি কে এম সফিউল্লাহ।
সম্ভাব্য এই চুক্তিতে খারাপ কিছু দেখছেন না সাবেক সেনাপ্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
রংপুর থেকে টেলিফোনে পরিবর্তন ডটকমকে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী এমন কিছু করবেন না যাতে দেশের ক্ষতি হবে, আমাদের স্বার্থের ক্ষতি হবে। আমি বিশ্বাস করি, তিনি একজন রাজনীতিবিদ। তিনি এটা প্রমাণ করেছেন।’
‘নিশ্চই, চুক্তি হওয়া খারাপ না। চুক্তি সমঝোতার ভিত্তিতে হওয়া উচিত, এটাই হবে, আমরা আশা করি,’ যোগ করেন সাবেক এই সেনাশাসক, যিনি রাজনীতির মাঠে অনেকটাই ভারত ঘেঁষা হিসেবে পরিচিত।
তবে এই মুহুর্তে চূড়ান্ত চুক্তিতে যাওয়ার জন্য সময় দেওয়া দরকার বলে মত প্রকাশ করেছেন সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব) মাহবুবুর রহমান।
৯৬-এর আওয়ামী লীগ সরকারের সময়ে সেনাপ্রধানের দায়িত্ব পালন করলেও বর্তমানে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য।
সাবেক এই সেনাপ্রধান বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের অনেক রকম সম্পর্কতো আছে। কিন্তু নিরাপত্তা বিষয়ক চুক্তি আসলে কতটা দরকার সেটা আসলে আমি জানি না।’
‘সামরিক চুক্তি সকলের সঙ্গে সকলের সমানভাবে হয় না। এখনতো ভারতের সঙ্গে আমাদের বোঝাপড়া আছে, না? ভালইতো চলছে। একেবারে পয়েন্ট ব্লাইন্ড লেখা-পড়ার চুক্তিতে কেন যেতে হবে এটা ঠিক আমি বুঝে উঠতে পারছি না। তবে আলোচনা হতে পারে,’ মন্তব্য করেন সাবেক এই সেনাপ্রধান।
তিনি বলেন, ‘সামরিক ব্যাপারে আমরা একটা সমঝোতায় আসতে পারি, তবে তা যে চুক্তি করতে হবে তা নয়। এজন্য সময় দরকার। এই মূহুর্তে চূড়ান্ত চুক্তিতে যাওয়ার জন্য সময় দেওয়া দরকার।’
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ এপ্রিল ভারত সফরে যাচ্ছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদির আমন্ত্রণে তার এই সফর। প্রধানমন্ত্রী তার এই সফরে ৮ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।
এর আগে, ২০১৫ সালের জুন মাসে নরেন্দ্র মোদি ঢাকা সফর করেন। সেই সময়ই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে সফরের আমন্ত্রণ জানান। গত বছরের ডিসেম্বর মাসে সেই সফর অনুষ্ঠিত হবার কথা থাকলেও তা পিছিয়ে যায়। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের পররাষ্ট্র সচিব জয়শঙ্কর এসে এপ্রিলের প্রথমার্ধ্বে প্রধানমন্ত্রীর সফর চূড়ান্ত করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ ২০১০ সালে রাষ্ট্রীয় সফরে ভারতে গিয়েছিলেন।























































