পূর্বাশা ডেস্ক:
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার সর্বত্র থামছে না ভারতীয় মোটর সাইকেলের দৌরাত্ম্য। প্রায় প্রতিদিনই কোন না কোন সীমান্ত দিয়ে প্রশাসনকে ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে মোটর সাইকেল আনছে চোরাকারবারিরা। রাস্তায় দাবড়ে বেড়াচ্ছে লাইসেন্সবিহীন চোরাই মোটর সাইকেল। এতে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ব্যাপকহারে চোরাই মোটর সাইকেলের ব্যবহার বেড়েছে। ওইসব মোটর সাইকেল ব্যবহারকারিরা সরকারের নিবন্ধন ফি বাবদ রাজস্ব খাতে বিপুল পরিমাণ অর্থ ফাঁকি দিচ্ছে। এ অঞ্চলের সড়ক পথে অন-টেস্টসহ হরেক রকম লেখা বিপুল সংখ্যক মোটর সাইকেলের ব্যবহার মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় কোনটি বৈধ কিংবা কোনটি চোরাই বুঝা মুশকিল।
আবার প্রায় সড়কের পাশে হোটেল-রেস্তোঁরা, মার্কেট, ব্যাংক-বীমা কিংবা সরকারী-বেসরকারী অফিসের সামনে এমনকি অলি-গলিতে মোটর সাইকেল পার্কিং করে রাখায় জনদুর্ভোগের শিকার হচ্ছেন পথচারীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মোটর সাইকেল মালিক জানান, পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের বিভিন্ন সড়কে শত শত ভারতীয় চোরাই মোটর সাইকেল রয়েছে। এগুলোর কোনো সরকারি নিবন্ধন নেই। বর্তমানে মোটর সাইকেল ব্যবসা জনপ্রিয় হয়ে উঠায় দেশি ও বিদেশি কোম্পানির অনেক শো-রুম গড়ে উঠেছে বিভিন্ন বাজারে। এসব শো-রুম থেকে নগদ কিংবা সহজ কিস্তিতে মোটর সাইকেল কিনছেন ক্রেতারা। অথচ শো-রুমের গাড়ীর চাইতে চোরাই বা ছিনতাইকৃত মোটর সাইকেল প্রায় অর্ধেক দামে পাওয়া যাচ্ছে।
একজন মালিক জানান, আমার মোটর সাইকেলটি দুই বছর আগে কিনেছি। ড্রাইভিং লাইসেন্স ও সরকারি নিবন্ধন সনদ এখনো নিইনি। কি দরকার! গাড়ী নিরাপদেই চালাচ্ছি, কোন অসুবিধা হচ্ছে না। আমার মতো অনেকেই নম্বরবিহীন শত শত মোটর সাইকেল চালাচ্ছেন। এ পর্যন্ত কারো কোন ক্ষতি কিংবা অসুবিধা হয়েছে বলে জানা নেই। হরেক রকম ব্রান্ডের নামী-দামী মোটর সাইকেল এখন বিলাসিতার অন্যতম উপকরণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এসব এলাকায় সংঘটিত অপরাধের সাথে বেশিরভাগই অবৈধ মোটর সাইকেল অন্যতম উপাত্ত হিসাবে কাজ করছে। ছিনতাইকারী এবং চোর-ডাকাতরা মোটর সাইকেল ব্যবহার করছেন হরহামেশা। আবার এদের অধিকাংশেরই নেই ড্রাইভিং লাইসেন্স। প্রশাসনিকভাবে বিভিন্ন সময় মোবাইল কোর্টসহ বিশেষ অভিযান চালালেও এদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যত্রতত্র মোটর সাইকেল ব্যবহার এত বেড়েছে যা বলার উপায় নেই। আবার অনেক মোটর সাইকেলের মালিক ও চালক মাদকাসক্ত, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত এবং চোরাই মোটর সাইকেল কেনা-বেচার ব্যবসাকে জমজমাট করে তুলেছে।
সূত্রটি আরও জানায়, এ ধরনের মোটর সাইকেলের অধিকাংশই দেশের বিভিন্ন স্থান থেকে চোরাইকৃত কিংবা ভারত থেকে চোরাই পথে আনা। মোটর সাইকেলের পাশাপাশি আনা হচ্ছে মোটর সাইকেলের বিভিন্ন পার্টস ও আনুষঙ্গিক বিভিন্ন যন্ত্রাংশ।
দামে স্থানীয় বাজারের শো-রুমের দামের তুলনায় অর্ধেক বিধায় এসব অবৈধ মোটর সাইকেল কিনতে ক্রেতারা আগ্রহী হচ্ছেন বলে জানিয়েছেন এক মোটর সাইকেল ক্রেতা। আবার কোন কোন ক্ষেত্রে অবৈধপথে আনা এসব মোটর সাইকেলের ভেহিক্যাল আইডেন্টিফিকেশন নাম্বার (ভিআইএন) মুছে পুনরায় পুরনো কোনো বৈধ মোটর সাইকেলের ভিআইএন নম্বর বসিয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) থেকে নিবন্ধন করিয়ে নেয়া হচ্ছে। একাধিক হাতবদল হয়ে চলছে বেচাকেনা।
অভিযোগ রয়েছে, কয়েকটি সংঘবদ্ধ চোরাই দলের সক্রিয় সদস্যরা নিয়মিত ভারত থেকে চোরাই পথে মোটর সাইকেল এনে এ অঞ্চলসহ ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলায় বিক্রি করছে। চৌদ্দগ্রামে মোটর সাইকেল ভারত থেকে আনার নিরাপদ রুট হিসেবে ব্যবহার হচ্ছে- কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া বাজার সড়ক, উজিরপুর ইউনিয়নের শিবের বাজার সড়ক ও ঘোলপাশা ইউনিয়নের মতিয়াতলী সড়ক।
স্থানীয় বিজিবি ও পুলিশ প্রশাসন অভিযান চালালেও বিভিন্ন সীমান্ত দিয়ে কয়েক বছরের তুলনায় মোটর সাইকেল চোরাচালান বেড়েছে দুই থেকে তিনগুন। চোরাইপথে অবৈধভাবে এসব মোটরসাইকেল ও এর বিবিধ যন্ত্রাংশ ভারত থেকে মাত্র অর্ধেক দামে আনা হচ্ছে। ডিসকভার, পালসার ও হিরো ব্রান্ডের বিভিন্ন মডেলের মোটর সাইকেল আসছে চোরাইপথে। কিছু কিছু ক্ষেত্রে ক্রেতার চাহিদা অনুযায়ীও সরবরাহ করা হচ্ছে নির্দিষ্ট ব্র্যান্ডের নির্দিষ্ট মডেলের গাড়ি।
চোরাকারবারে জড়িত এক বিক্রেতার কাছে ক্রেতা সেজে জানা যায়, ১৫০ সিসির পালসার ১ লাখ ২০ হাজার টাকা, ১৩৫ সিসি ৯০ হাজার টাকা, ডিসকভার ১২৫ সিসি ৯০ হাজার টাকা, ১০০ সিসি ৭৫ হাজার টাকা, হিরো হোন্ডা ১০০ সিসি ৬০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
এর মধ্যে ১৭ মার্চ শুক্রবার বিকেলে পাঁচটি চোরাই ভারতীয় মোটর সাইকেলসহ সাদ্দাম হোসেন নামের এক চোরাকারবারিকে আটক করে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। সাদ্দাম (২৬) ঘোলপাশা ইউনিয়নের আদর্শগ্রামের আবুল মিয়ার পুত্র।
চৌদ্দগ্রাম থানার এসআই আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত আমানগন্ডা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে সাদ্দামকে আটক করা হয়। পরে সাদ্দাম পুলিশের নিকট মিজানুর রহমান ও অলিউর রহমান নামে আরও দুই চোরাকারাবির নাম স্বীকার করে।
সীমান্তবর্তী সচেতন মহলের প্রশ্ন, বাংলাদেশ ও ভারতের সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া থাকার পরও কিভাবে চোরাই পথে মোটর সাইকেল আসে? যদি বিজিবি ও বিএসএফ কঠোরভাবে দায়িত্ব পালন করে তাহলে মোটর সাইকেলসহ সব চোরাচালান বন্ধ করা সম্ভব।
এ ব্যাপারে আমানগন্ডা সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার আবদুল লতিফ জানান, সীমান্তে মোটর সাইকেলসহ সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এছাড়া সীমান্তের মানুষ সচেতন হলে এসব চোরাচালান বন্ধ হয়ে যাবে বলেও তিনি জানান।


















































